সিটি নির্বাচন : সাংবাদিকদের ওপর হামলায় ডিআরইউর উদ্বেগ


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের উপর পুলিশ ও সন্ত্রাসীদের হামলা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বুধবার ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে সাংবাদিক বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে ডিআরইউ’র কয়েকজন স্থায়ী সদস্যও রয়েছেন। তাদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গণমাধ্যমকর্মীদের উপর এই হামলার দায়ভার কোনোভাবেই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না।

নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে যেমন রুদ্ধ করবে, তেমনি পুরো গণমাধ্যমে সৃষ্টি করবে এক ভীতিকর পরিস্থিতি। যা গোটা সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নেবে না।

নেতৃবৃন্দ এসব ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া এবং এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।