একাত্তর ছাড়ছেন ইশতিয়াক রেজা
বেসরকারি টেলিভিশন একাত্তর ছাড়ছেন ইশতিয়াক রেজা। তিনি গাজী গ্রুপের সংবাদ মাধ্যমে যোগ দিচ্ছেন। গাজী গ্রুপের সারাবাংলা ডট নেট, দৈনিক সারাবাংলা (প্রকাশিতব্য) ও গাজী টেলিভিশনে (জিটিভি) এডিটর-ইন চিফ হিসেবে যোগ দিচ্ছেন।
এর আগে তিনি চ্যানেল একাত্তর এ পরিচালকের (বার্তা বিভাগ) দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার গাজী গ্রুপের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী এমপির কাছ থেকে তিনি নিয়োগপত্র গ্রহণ করেছেন। এ সময় গাজী গ্রুপের দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা ও গাজী গোলাম আশরিয়া, পরিচালক বদরুল আলম খান, নির্বাহী পরিচালক সালাহউদ্দিন চৌধুরী এবং জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ইশতিয়াক রেজা জাগো নিউজকে বলেন, নিয়োগপত্র নিলেও যোগ দেয়নি। ১ এপ্রিল যোগ দেব। আশা করি আগের মতো এখানেও সফল হব।
সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতোকত্তর শেষে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ প্রায় তিন দশক ধরে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে যুক্ত রয়েছেন তিনি। প্রথমে তিনি সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর দেশের প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ায় আসেন। তিনি আরটিভি, বৈশাখী, চ্যানেল নাইন, চ্যানেল একাত্তর-এ কাজ করেন।
এইচএস/এএইচ/পিআর