সরকারি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৫ আগস্ট ২০২৫
গ্রেফতার গোলাম আহমেদ সাব্বির

খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে রংপুর মেট্রো ও জেলা পুলিশের একটি টিম এবং মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় সিআইডি ঢাকা উদ্যান এলাকা থেকে অভিযুক্ত গোলাম আহমেদ সাব্বিরকে (৫৭) গ্রেফতার করে।

সোমবার (২৫ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান।

জসীম উদ্দিন খান বলেন, গোলাম আহমেদ সাব্বির নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিলে মো. আব্দুস সালাম ও মো. রায়হান আলী নামে দুই ভুক্তভোগী তাকে মোট ৪০ লাখ টাকা দেন।

এর মধ্যে নগদ দেন ১৫ লাখ ১০ হাজার টাকা এবং বাকি ২৪ লাখ ৯০ হাজার টাকা অভিযুক্তের নামে খোলা একটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেন। টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের তিনি ভুয়া নিয়োগপত্র সরবরাহ করেন। আব্দুস সালামকে সিলেট অঞ্চলে উপ-খাদ্য পরিদর্শক পদে এবং রায়হান আলীকে খুলনা অঞ্চলে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগপত্র দেন। কিন্তু তারা কর্মস্থলে যোগদান করতে গেলে নিয়োগপত্র দুটি জাল প্রমাণিত হয়।

এ ঘটনায় প্রতারিত ভুক্তভোগীরা রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানায় ২০২২ সালের ১১ জানুয়ারি এফআইআর দায়ের করেন। আসামি গোলাম আহমেদ সাব্বিরকে এই মামলায় গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

কেআর/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।