সিরাজ, লতিফ, আকরামের সাফাই সাক্ষ্য ৬ এপ্রিল


প্রকাশিত: ০১:১৬ পিএম, ০২ এপ্রিল ২০১৫

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আসামি খান আকরাম ও লতিফ তালুকদারের পক্ষে ব্যারিস্টার মীর সরোয়ার হোসেন এবং সিরাজ মাস্টারের পক্ষে আইনজীবী এডভোকেট আবুল হাসান ট্রাইব্যুনালে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাইয়েদুল হক সুমন।

প্রসিকিউটর সাইয়েদুল হক সুমন সাংবাদিকদের জানান, আজ বৃহস্পতিবার নির্ধারিত দিনে সাফাই সাক্ষীরা উপস্থিত না থাকায় তাদের আইনজীবীরা সময় আবেদন পেশ করেন। পরে ট্রাইব্যুনাল নতুন করে দিন ধার্য করে আদেশ দেয়।

প্রসিকিউটর আরও বলেন, আসামিপক্ষ ২২ জন সাক্ষীর সাক্ষ্য প্রদানের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিল। বিষয়টির ওপর শুনানি করে চারজনকে সাফাই সাক্ষী হিসেবে অনুমতি দেয়া হয়।

গত ২৯ মার্চ তিন আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হেলাল উদ্দিনকে জেরা শেষ করার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সিরাজ মাস্টার, আব্দুল লতিফ ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে গতবছর ৫ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। ৩ আসামি কারাগারে রয়েছেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।