নদী ভাঙনে গৃহহীন হতে পারে ২৭ হাজার মানুষ


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০২ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

বাংলাদেশের তিনটি প্রধান নদীর ভাঙণে এ বছর ২ হাজার ৬৯৫ হেক্টর জমি বিলীন হতে পারে। যার ফলে গৃহহীন ও ভূমিহীন হয়ে পড়বে ২৬ হাজার ৯৪০ জন লোক। নদী তিনটি হলো- যমুনা, গঙ্গা ও পদ্মা।

সেন্টার ফর এনভার্নমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস)-এর এক পূর্বাভাস রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এক সেমিনারে যমুনা, গঙ্গা ও পদ্মায় ভাঙনের পূর্বাভাস-২০১৫ সংক্রান্ত রিপোর্টটি প্রকাশ করা হয়।

রিপোর্টে বলা হয়, শুধুমাত্র যমুনা নদীতেই বিলীন হতে পারে ১৩৮০ হেক্টর জমি। এতে গৃহহীন ও ভূমিহীন হবে প্রায় ১৩ হাজার ৮২০ জন। এছাড়া গঙ্গায় বিলীন হতে পারে প্রায় ৪১০ হেক্টর জমি এবং পদ্মায় ৯০৫ হেক্টর জমি।

প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, যমুনা নদীর তীর রক্ষায় সরকার একটি মেগা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে। বঙ্গবন্ধু সেতু থেকে কুড়িগ্রাম পর্যন্ত প্রায় ১৬০ কিলোমিটার নদীর তীর রক্ষায় ব্যয় হবে ১৭০ কোটি মার্কিন ডলার।

তিনি আরো বলেন, যমুনা খুবই জটিল একটি নদী। তাই তীর ভাঙনে এই নদী পাড়ের মানুষের ভোগান্তি হয় সবচেয়ে বেশি। এই প্রজেক্ট বাস্তাবায়িত হলে নদী পাড়ের মানুষেরা রেহাই পাবে।

সিইজি আইএস সূত্র জানিয়েছে, ২০০৪ সাল থেকে প্রতি বছর তারা নদীর তীর ভাঙ্গনের রিপোর্ট প্রকাশ করছে। উপগ্রহের ছবি, জিআইএস প্রযুক্তি এবং নদী ভাঙ্গনের ইতিহাস গবেষণা করে তারা এই রিপোর্ট তৈরি করেন।

পানি সম্পদ সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন- ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর এমিরিটাস প্রফেসর ড. আইনুন নিশাত, সিইজি আইএস-এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. ওয়াজি উল্লাহ প্রমুখ। সিইজিআইএস-এর উপ-নির্বাহী পরিচালক ড. মমিনুল হক সরকার ও সিইজিআইএস-এর সিনিয়র কর্মকর্তা রিফাত আনোয়ার সেমিনারে পৃথক দু’টি প্রবন্ধ উপস্থাপন করে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।