চলচ্চিত্রের মাধ্যমে সোচ্চার হতে হবে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০২ এপ্রিল ২০১৫

চলচ্চিত্রের মাধ্যমে মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হতে চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশে বলেন, চলচ্চিত্রকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হাতিয়ারে পরিণত করুন।

একই সাথে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫ উপলক্ষে চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীসহ সকলকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার বাণীতে আরো বলন, মানুষের চেতনাকে শাণিত করার ক্ষেত্রে চলচ্চিত্র অনন্য এক মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। অন্তর্নিহিত ও অপরিমেয় শক্তির অধিকারী চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে তৎকালীন প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় চলচ্চিত্র নির্মাণের প্রাণকেন্দ্র এফডিসি। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই দিনটিকে আমরা জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেছি।

শেখ হাসিনা বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে সরকার বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ করেছে। চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। আধুনিক প্রযুক্তি তথা ডিজিটাল প্রযুক্তির চলচ্চিত্র নির্মাণ যন্ত্রপাতি সংগ্রহ এবং এফডিসি’র আধুনিকায়নে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থা ডিজিটালাইজড্ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিতভাবে অনুদান প্রদান করা হচ্ছে। অসচ্ছল শিল্পী, কলাকুশলীদের আর্থিক সাহায্য-সহযোগিতা প্রদানের পাশাপাশি তাদের চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করছি। জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

বাণীতে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫’ উদ্যাপনের সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।