তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২০ : অধিকার


প্রকাশিত: ০২:২৫ পিএম, ০২ এপ্রিল ২০১৫

গত তিন মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ১২০ জন নিহত হয়েছেন। গুম হয়েছেন ৩২ জন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে ৬৮টি আর এগুলোর মধ্যে গণপিটুনিতে নিহত হয়েছেন ২৭ জন। এছাড়া কথিত `বন্দকযুদ্ধে` হত্যা করা হয়েছে ৫১ জনকে, পুলিশ কর্তৃক পায়ে গুলি করার ঘটনা ঘটেছে ২৫টি। এসব ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ২৩০ জন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো মানবাধিকার সংগঠন `অধিকার` এর এক প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একই সময়ে দেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ আট বাংলাদেশিকে হত্যা করেছে, আহত করেছে ২৩ জনকে এবং ধরে নিয়ে গেছে ১৬ জনকে।

প্রতিবেদনে এ বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনমাসে সংগঠিত সহিংসতার বিবরণ উল্লেখ করে এর প্রতিকার ও প্রতিবিধানের জন্য সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার বিস্তার- বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক নেতাকর্মীদের গুম হওয়া এবং আটকের পরে পায়ে গুলি করে পঙ্গু করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন `অধিকার`।

একইসাথে, ব্লগারদের হত্যা করা, গণপিটুনিতে হত্যা, গণগ্রেফতার, নারীর প্রতি সহিসংতা, সংখ্যালঘুদের ওপর হামলা এবং সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

অধিকার সুপারিশ করেছে, রাজনৈতিক দলগুলোকে সহিংসতা ও সংঘাতপূর্ণ রাজনীতি বন্ধে ঐকমত্যে পৌঁছাতে হবে এবং সহিংসতার দায় একে অপরের ওপর চাপানোর সংস্কৃতি বন্ধ করে প্রকৃত অপরাধীকে গ্রেফতার ও শাস্তি দিতে হবে।

অধিকার দাবি করেছে, গুম এবং হত্যার ব্যাপারে সরকারকে ব্যাখ্যা দিতে হবে। গুম হওয়া ব্যক্তিদের তাঁদের স্বজনদের কাছে ফেরত দিতে হবে। গুম ও হত্যার সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জড়িত অন্যান্যদের বিচারের সম্মুখীন করতে হবে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।