প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০২ এপ্রিল ২০১৫

তিন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। এ মতবিনিমিয় সভার তারিখ এখনও নির্ধারিত না হলেও ধারণা করা হচ্ছে ১০ এপ্রিলের পর এটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইসির উপসচিব সামসুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওই সভায় সিইসি নির্বাচনী বিধিমালা প্রার্থীদের কাছে তুলে ধরার পাশাপাশি তাদের কথাও শোনা হবে। এছাড়া আচরণবিধি প্রতিপালনে সবার সহযোগিতা কামনা ও বিধি লঙ্ঘনে ব্যবস্থার বিষয়ে প্রতিদ্ব›দ্বীদের নির্দেশনা দেবেন সিইসি। সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীদের কথাও শুনবেন তিনি।

সভায় নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও উপস্থিত থাকবেন। ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, রিটার্নিং কর্মকর্তারা ওই সভার উপযুক্ত সময় ও স্থান বাছাই করবেন।

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আপিল নিষ্পত্তি শেষে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত। এরপরই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করবেন।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।