ডিসিসি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০২ এপ্রিল ২০১৫

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার শেষ দিনে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে।

দুই দিনব্যাপী যাচাই-বাছাই কার্যক্রমে তফসিল অনুযায়ী এ পর্যায়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা অবৈধ ঘোষণার তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন।

সকাল সাড়ে ৯টায় ডিসিসি উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় প্রথমদিনের বাকি থাকা ২১টি ওয়ার্ড ও ৭টি সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই। এই সিটি কর্পোরেশনে সাধারণ আসনের কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছিলেন ৪৯৩ জন। আর সংরক্ষিত আসনের জন্য আবেদন পড়ে ১৩৫টি।

ডিসিসি উত্তরের রিটার্নিং অফিসার মো. শাহ আলম বলেন, `বাংলাদেশ ব্যাংক কর্তৃক অভিযুক্ত ঋণখেলাপী ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রদর্শনে ব্যর্থ হওয়ায় অনেকের মনোনয়ন বাতিল হয়েছে।`

এদিকে দক্ষিণেও একইভাবে দিনব্যাপী চলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। এখানেও বাতিলের ধরণ ও কারণ একই রকম।

রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীর ভুলের কারণে মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা বলা হলেও অনেকেরই অভিযোগ ভোটার তালিকা ও পদ্ধতিগত সমস্যার কারণেই অবৈধ হয়েছে তাদের মনোনয়ন। তবে যারা এ পর্যায়ে অবৈধ বলে বিবেচিত হচ্ছেন তারা আপিলের সুযোগ পাবেন। আগামী ৯ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১০ এপ্রিল।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।