৫ এপ্রিল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
ভারতের পররাষ্ট্র সচিব (বহুপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক) সুজাতা মেহতা তিন দিনের সফরে ঢাকা আসছেন ৫ এপ্রিল। তার এই সফরকালে চলমান ভারত-বাংলাদেশের উন্নয়ন অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে পর্যালোচনা ও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুজাতা মেহতা এর সফর সঙ্গী হিসেবে আসছেন- যুগ্ম-সচিব (উন্নয়ন অংশীদার প্রশাসন) অলোক কুমার সিনহা এবং যুগ্ম-সচিব (বাংলাদেশ ও মায়ানমার) শ্রীপ্রিয়া রঙ্গনাথন।
সুজাতা মেহতা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক এবং উন্নয়ন সহযোগিতার বিষয় নিয়ে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া সফরকালে তিনি বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
আরএস