নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : মেহের আফরোজ
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ বলেছেন, নারীদের সার্বিক উন্নয়ন বিশেষ করে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন অগ্রগতি সাধনের উপায় খুঁজে বের করে সরকার উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মিসেস আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে জাতীয় সংসদে প্রথমবারের মতো নারী স্পিকার, জাতীয় সংসদে উপনেতা, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী সভায় প্রধানমন্ত্রীসহ ২ জন নারীর অন্তর্ভুক্তি ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
তিনি বলেন, বর্তমানে জাতীয় সংসদে ৭০ জন নারী সংসদ-সদস্য রয়েছেন যা জাতীয় সংসদ-সদস্যের ২০ ভাগ। এছাড়া জাতীয় সংসদে ২০ জন নির্বাচিত নারী সংসদ-সদস্য রয়েছেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৩৫ থেকে ৫০টিতে উন্নীত করা হয়েছে। উপজেলা পর্যায়ে একটি মহিলা ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি এবং প্রতিটি উপজেলায় একজন নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন।
বেগম মেহের আফরোজ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি সংরক্ষিত আসনে সদস্য পদে আইন প্রণয়নের মাধ্যমে নারীদের সরাসরি নির্বাচনের বিধান করা হয়েছে। নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নের জন্য সংসদের সংরক্ষিত মহিলা কোটা বৃদ্ধি করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো যেতে পারে। চাকরির ক্ষেত্রে আরও মহিলা কোটা বৃদ্ধিসহ নিয়োগ নিশ্চিতকরণ।
তিনি আরও বলেন, প্রতিক্ষেত্রে নারীদের নিরাপত্তামূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। এছাড়া রাজনৈতিক দল সংসদ সদস্য বিভিন্ন নির্বাচনে অধিক সংখ্যক নারী প্রার্থী মনোনয়ন প্রদান করতে হবে।
বিএ/আরআই