সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান
তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য ২০১৪-২০১৫ সালের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড অসামরিক খাত থেকে বেতন গ্রহণকারী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের সন্তান-সন্ততিদের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে নির্ধারিত ফরমে দরখাস্ত করতে হবে।
এতে বলা হয়, ৬ষ্ঠ শ্রেণি থেকে যেকোনো শিক্ষাকোর্সে অধ্যয়নরত অনধিক দুই সন্তানের জন্য একই ফরমে আবেদন করতে পারবেন। তবে তাদের সন্তানরা যারা পূর্ববর্তী বার্ষিক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে পাস করে গড়ে ৫০ শতাংশ নম্বর অথবা বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারা এ শিক্ষাবৃত্তি লাভের যোগ্য হবে।
ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষার নম্বরপত্র/ট্রান্সক্রিপট এবং উচ্চ মাধ্যমিক/স্নাতক/স্নাতকোত্তর শ্রেণীর ক্ষেত্রেও বোর্ড/বিশ্ববিদ্যালয়ের নম্বরপত্র/ট্রান্সক্রিপটসহ আবেদনপত্রের সংশ্লিষ্ট কলাম যথাযথভাবে পূরণ করে আগামী ১৫ জুনের মধ্যে নিজ নিজ অফিস প্রধানের মাধ্যমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সংশ্লিষ্ট অফিসে পৌঁছাতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন : www.bkkb.gov.bd
এআরএস/আরআইপি