ব্যাংক ডাকাতির ঘটনায় আরো এক ডাকাত গ্রেফতার
সাভারে আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় আরো এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যের নাম জসিম উদ্দিন (২৯)।
আশুলিয়ার ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা দীপক চন্দ্র জানান, ব্যাংক ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে জীবিত আটক করে এলাকাবাসী। তার স্বীকারোক্তি মোতাবেক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। তবে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার পাওয়ায় ডাকাতদলের সদস্যরা কঠোর আত্বগোপনে চলে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তফা কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, জসিম ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। ডাকাতির সময় লকারের চাবি না দেয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের ম্যানেজার ওয়ালিউল্লাহকে নির্মমভাবে হত্যার বিষয়টিও স্বীকার করেছে জসিম।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দুপুরে সাভারে আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির সময় নারকীয় তাণ্ডব চালায় একদল ডাকাত। এসময় ডাকাতদের হামলায় নিহত হয় ওই ব্যাংকের ম্যানেজার, ক্যাশিয়ার, নিরাপত্তারক্ষী, গ্রাহক ও এলাকাবাসীসহ মোট ৯ জন। এ ঘটনায় ওই দিনেই এলাকাবাসীর গণপিটুনীতে মারা যায় এক ডাকাত। পুলিশের হাতে আটক হয় দুই জন।
# আশুলিয়ায় ব্যাংক ডাকাতিতে অংশ নেয় ১০ জন
এমএএস/আরআই