৫ মে : একনজরে সারাদিনের খবর
জুন থেকে ঝুঁকিপূর্ণ বাড়িতে অভিযান চালাবে ফায়ার সার্ভিস
সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে নেপাল। সময়ের সঙ্গে পাল্লা বাড়ছে মৃতের সংখ্যা। একই সময়ে জোরালো ভূমিকম্পে কেঁপেছে ভারতসহ বাংলাদেশ। কম্প্রেহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) এক গবেষণায় বলা হয়েছে, ঢাকায় সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৭৮ হাজার ভবন সম্পূর্ণ ধসে পড়বে। ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে দেশের অবকাঠামোগত ক্ষতি হবে প্রায় ৮ হাজার ৫৮০ কোটি টাকা। এছাড়াও ভূমিকম্পে সম্পূর্ণভাবে ধ্বংস হবে রাজধানীর ১০টি প্রথম সারির হাসপাতাল, ২৪১টি ক্লিনিক ও ৯০টি স্কুল।
সম্প্রতি রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে এশিয়ার হিমালয়কন্যা নেপাল। তবে একই মাত্রার ভূমিকম্পে কেমন হবে রাজধানী ঢাকার চিত্র?
নকশাবহির্ভূত ও ক্রটিপূর্ণ ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ
ঢাকা মহানগরে নকশা বহির্ভূত ও ক্রটিপূর্ণ ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা সমূহের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য জরুরি ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, একেএম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী, নূরজাহান বেগম অংশ নেন।
ইউনূস স্বেচ্ছায় সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন : প্রধানমন্ত্রী
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের আবারো কঠোর সমালোচনা করে এক হাত দিলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস স্বেচ্ছায় সরকারের সঙ্গে দ্বন্ধে জড়িয়েছে। তিনি আমার সঙ্গে ব্যক্তিগত দ্বন্ধের কারণে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ করেছেন। এটি করে তিনি দেশের ক্ষতি করেছেন।
সমাবর্তনে এ কী বললেন রাষ্ট্রপতি (ভিডিও)
রাষ্ট্রপতি অধ্যাপক আব্দুল হামিদ বেশ রসবোধ সম্পন্ন মানুষ। রসালাপও করতে পারেন দারুণ। এর আগে জাতীয় সংসদের স্পিকার থাকার সময়েও নির্জীব সংসদে তার রসবোধের কারণে প্রাণ ফিরে পেয়েছিল। তবে রাষ্ট্রপতির চূড়ান্ত রসবোধের প্রমাণ পাওয়া গেলো নর্দান ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে, মিরপুর ইনডোর স্টেডিয়ামে।
তরুণদের কনসার্ট, তার নিরাপত্তার কড়াকড়ি ও বিবাহিত জীবন নিয়েও নানা হাস্যকর মন্তব্য করেন। বক্তেব্যের পুরো সময় অডিটোরিয়াম মাতিয়ে রাখেন রাষ্ট্রপতি। অধিকাংশ শিক্ষার্থীই সমাবর্তনে রাষ্ট্রপতির দেয়া বক্তব্যকে তাদের জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে অভিহিত করেছেন। বক্তব্য দিতে উঠে প্রথমেই রাষ্ট্রপতি শোনালেন তার রসবোধের কথা। তিনি যে লিখিত বক্তব্যের বাইরে কিছু বলতে পারেন না সে বিষয়টিও ফুটে ওঠে তার বক্তব্যে।
টক শো`তে মারামারি : ঝড় সোশ্যাল মিডিয়ায় (ভিডিও)
টেলিভিশনে একটি আলোচনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের আচরণের ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, যাতে ওই শিক্ষককে সহ আলোচকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একুশে টেলিভিশনের (ইটিভি) টক শো `একুশের রাত`-এ দুই আলোচকের হাতাহাতি থামাতে ব্যর্থতার জন্য বেসরকারি টেলিভিশন স্টেশনটির ওই অনুষ্ঠানের সঞ্চালকের সমালোচনাও হচ্ছে ফেইসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
গ্রামীণ উন্নয়নে ২০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে ২০ কোটি ডলার (প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা) দেবে বিশ্ব ব্যাংক। বিশ্বব্যাংককে বার্ষিক ০ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে এ ঋণ। মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ নিয়ে একটি চুক্তি হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ই কাইমস চুক্তি সই করেন।
নেপালের জন্য কনসার্ট
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপাল ও দেশটির মানুষদের পাশে দাঁড়াতে কনসার্টের আয়োজন করেছে ই-মেকার্স বাংলাদেশ। কনসার্টটির সহযোগীতায় রয়েছে বাংলাদেশ সোসাইটি, নেপাল ও কলাবাগান ক্রীড়া চক্র মাঠ। এটি অনুষ্ঠিত হবে ১৪ মে, বৃহস্পতিবার কলাবাগান ক্রীড়া চক্র মাঠে। বাংলাদেশ সোসাইটি, নেপালের আহবানে চ্যারিটি কনসার্টে সংগৃহীত সকল অর্থ, জরুরী ঔষধ, শুকনো প্যাকেট জাত খাবার, শিশু খাদ্য ও পানীয় নেপালে পাঠানোর জন্য হস্তান্তর করা হবে ১৬ মে ২০১৫।
এক ফ্রেমে শাবনূর ও মৌসুমী
দীর্ঘদিন পর আবারো এক ফ্রেমে দেখা গেল এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর ও মৌসুমীকে। সম্প্রতি প্রযোজক নাসিরুদ্দিন দিলুর জন্মদিনের একটি ছবিতে দেখা মিলেছে তাদের। এদিনকে ঘিরেই হাজির হয়েছিলেন তারা। শুধু তাই নয়, দিলুর জন্মদিনে এই দুই নায়িকা যেন ফিরে গেলেন পুরনো দিনে। হাসি, আড্ডা, খুনসুটির সঙ্গে চলে কৌতুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, নায়ক ওমর সানী, নায়িকা কেয়াসহ কয়েকজন প্রযোজক ও পরিচালক।
রাজনীতি করার অধিকার নেই জামায়াতের : মোজাম্মেল হক
জামায়াত যুদ্ধাপরাধ করেও ক্ষমা চায়নি, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার ঢাকা রির্পোটার্স ইউনিটি গোলটেবিল মিলনায়তনে স্বাধীনতাযোদ্ধা অধিকার ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা তিনি এ কথা বলেন।
শতবর্ষী দম্পতির সহমরণ
শেষ হয়েও হইল না শেষ। আজ থেকে ১০০ বছর আগে চার হাত এক হয়েছিল তাদের। মৃত্যুর পরেও ছেড়ে দিলেন না প্রিয়জনের হাত। একশো বছর একসঙ্গে কাটিয়ে একই দিনে মৃত্যু হল এই শতবর্ষী দম্পতির। ঘটনা ঘটেছে ইন্দো-নেপাল সীমান্তে লখিমপুর খেরি নামের একটি গ্রামে।
টেক্সাস হামলার দায় স্বীকার করলো আইএস
টেক্সাসের ডালাসে হওয়া হামলার দায় স্বীকার করেছে উগ্রবাদী ইসলামিক জঙ্গি সংগঠন ইসিলামিক ষ্টেট(আইএস)। একটি অডিও বার্তার মাধ্যমে তারা রবিবারের এই হামলার দায় স্বীকার করে নেয়।
ব্যাংক ডাকাতির ঘটনায় আরো এক ডাকাত গ্রেফতার
সাভারে আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় আরো এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যের নাম জসিম উদ্দিন (২৯)।
গণতন্ত্র এবং জঙ্গিবাদের লড়াইয়ে মধ্যপন্থা নেই : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র এবং জঙ্গিবাদের লড়াইয়ে কোন মধ্যপন্থা নেই। যারা আগুন সন্ত্রাসীদের গণতন্ত্রে হালাল করার অপচেষ্টায় লিপ্ত তারা গণতন্ত্রের শত্রু। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অভ্ লিবারেল আর্টস (ইউল্যাব) আয়োজিত ‘বাংলাদেশ’স চেইঞ্জিং মিডিয়াস্কেপ: ফ্রম স্টেট কন্ট্রোল টু মার্কেট ফোর্সেস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
চিকিৎসা শেষে ফের কাশিমপুরে ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে পুনরায় গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার নাসির আহমেদ জাগো নিউজকে জানান, মির্জা ফখরুল অসুস্থ বোধ করায় কারা চিকিৎসকের পরামর্শে সকাল পৌনে আটটার দিকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার পৌনে চারটার দিকে তাকে ফের কারাগারে আনা হয়।
সুন্দরবনে সারবাহী জাহাজ ডুবি
পূর্ব সুন্দরবনে এবার একটি সারবাহী জাহাজের তলা ফেটে গেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে শরণখোলা রেঞ্জের মরা ভোলা এলাকার ভোলা নদীর চরে আটকে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি সার বোঝাই করে মংলা থেকে ঢাকায় যাচ্ছিল। এ ঘটনায় পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রথম হবে : বাণিজ্যমন্ত্রী
অদূর ভবিষ্যতে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রথম স্থান দখল করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জার্মান কোম্পানি এসএপি ট্রেনিং একাডেমি আয়োজিত ‘আরএমজি টেক্সটাইল এন্ড ট্রেনিং ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
পায়রা বন্দরে বিনিয়োগ করবে যুক্তরাজ্য : শাজাহান খান
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পটুয়াখালীর পায়রা বন্দর জরিপ করার জন্য একটি বৃটিশ কোম্পানীকে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে তাদের রিপোর্ট পাবার পরই বৃটিশ সরকার পায়রা বন্দরে বিনিয়োগ করবে। মঙ্গলবার সচিবালয়ে বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা নিষেধ
বঙ্গোপসাগরে বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
লালমনিরহাটের ৫৯টি ছিটমহলে আনন্দ-উল্লাস
ভারতের লোকসভায় মঙ্গলবার বাংলাদেশ-ভারত স্থলসীমা চুক্তির অনুমোদন হওয়ায় লালমনিরহাটের ৫৯টি ছিটমহলে আনন্দ,উল্লাস করেছেন সেখানকার মানুষ। ছিটমহলবাসী দীর্ঘ ১৯৪৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৬৮ বছর পর বন্দি জীবন থেকে মুক্তি আলোর মুখ দেখছেন। ছিটমহলবাসী ফিরে পেল তাদের পরিচয়। এতদিন নাগরিকত্ব না থাকা কার্যত এক ধরনের ‘রাষ্ট্রহীন’ এসব মানুষ ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই অমানবিক জীবন যাপন করে আসছেন।
কম দামের তামাকপণ্যে উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব
করের আওতা বাড়িয়ে রাজস্ব আয় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরামর্শ দিয়েছে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। এজন্য বড় ও নামকরা ক্লাবের সদস্য, সব ব্যক্তিগত গাড়ির মালিক, রাজধানীতে ১৫০০ বর্গফুটের বেশি আয়তনের বাসায় বসবাসকারী ও বাসায় এয়ার কন্ডিশনার ব্যবহারকারীদের করের আওতায় আনার পরামর্শ দিয়েছেন তারা।
যুব সংগঠন নিবন্ধন আইন কার্যকরে বিধিমালা প্রণয়নের সুপারিশ
বিধিমালা না থাকায় প্রয়োগ করা যাচ্ছে না যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন। জাতীয় সংসদের গত অধিবেশনে আইনটি পাশ হওয়ার পর এখন পর্যন্ত এটি কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে কোনো নীতিমালা তৈরি হয়নি। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা যুব সংগঠনগুলো নিবন্ধন পাচ্ছে না। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। কমিটি আইনটি কার্যকর করার জন্য অতিদ্রুত বিধিমালা প্রণয়নের সুপারিশ করেছে।
বিএ/আরআই