প্রকাশ্যে প্রস্রাব করা ঠেকাতে অভিনব উদ্যোগ (ভিডিও)


প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৫ মে ২০১৫

রাজধানীতে যত্রতত্র প্রস্রাব করা ঠেকাতে বিভিন্ন প্রচার প্রচারণা, দেয়াল লিখন প্রভৃতি উদ্যোগ ব্যর্থ হওয়ায় শেষপর্যন্ত এক অভিনব উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও সিটি করপোরেশন।

রাস্তার ধারে যেসব প্রকাশ্য স্থানে লোকজন প্রস্রাব করে, সেখানে দেয়ালে ‘এখানে প্রস্রাব করা নিষেধ’ এ কথা বাংলায় না লিখে আরবিতে লেখা হচ্ছে। আর এর ফল মিলেছে হাতেনাতেই। লোকজন আর এসব জায়গায় প্রস্রাব করতে বসছে না।

এ বিষয়ে ধর্মমন্ত্রী মতিউর রহমানের একটি বার্তা সম্বলিত ভিডিও ইউটিউব এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান বলেছেন, “আরবি ভাষা পবিত্র কোরানের ভাষা, সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে আরবি ভাষার ব্যাপারে একটা ভীতি কাজ করে, তাই দেয়ালে আরবি লেখা দেখলে সেখানে কেউ প্রস্রাব করবে না।”

ভিডিওটিতে বলা হয়েছে, ৯০ শতাংশ মুসলিম-অধ্যুষিত বাংলাদেশে আরবি একটি পবিত্র ভাষা হিসেবে বিবেচিত, যদিও খুব কম লোকই এ ভাষা জানেন বা বোঝেন। তাই প্রকাশ্যে প্রস্রাব না করার বার্তাটি তারা রাস্তার পাশের দেয়ালগুলোতে আরবি ভাষায় লিখে দিচ্ছেন।

কোথাও কোথাও আবার দিকনির্দেশক চিহ্নসহ আরবির পাশাপাশি বাংলাতেও লেখা হচ্ছে : ‘১০০ হাত দূরে মসজিদ’ অর্থাৎ বলে দেওয়া হচ্ছে যে সেখানে গেলে প্রস্রাবের জায়গা পাওয়া যাবে।

কিছুদিন আগে ধর্মমন্ত্রী তার এ ভাবনার কথা সিটি করপোরেশনকে লিখিত আকারে জানিয়েছিলেন। আর এখন দেয়াল লিখনের কাজ সিটি করপোরেশনই করছে বলে জানান সচিব।

জাগো নিউজের পাঠকদের জন্য ভিডিওটি-



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।