মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ


প্রকাশিত: ০৪:৫০ এএম, ০৬ মে ২০১৫

তিন সিটি কর্পোরেশনে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরা শপথ নিয়েছেন। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। নবনির্বাচিত তিন মেয়রকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
 
ঢাকা উত্তরে কাউন্সিলর সংখ্যা সাধারণ ওয়ার্ডে ৩৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন।  দক্ষিণে  সাধারণ ওয়ার্ডে ৫৭ জন,  সংরক্ষিত ওয়ার্ডে ১৯ জন এবং চট্টগ্রামে ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর এ শপথ গ্রহণ করেন।
 
শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী, সংসদ সদস্য ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তি, মহাজোটের শরিক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন ও চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিন জয়লাভ করেন। নির্বাচনের ফল ঘোষণার ৩৬ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।  

## মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।