আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই সদস্য আটক


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৬ মে ২০১৫

পাশবিক ও অমানবিক নির্যাতনের মাধ্যমে অভিনবপন্থায় মুক্তিপণ আদায়কারী আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার দিবাগত রাত ১টায় র‍্যাব-২ এর একটি দল খুলনার পূর্ব বানিয়া খামার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, পাচারকারী চক্রের মূল পরিকল্পনাকারী মো. মজিবুর রহমান (৫০) এবং তার সহযোগী ফয়সাল আর রশিদ (৩০)।

এবিষয়ে র‍্যাব-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মাসুদ রানা সংবাদ সম্মেলনে জানান, ভারত, নেপাল, ভুটান, কানাডাসহ বিভিন্ন দেশে আসামিদের এজেন্ট রয়েছে। তাদের মাধ্যমে বিভিন্ন দেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

তিনি আরো জানান, আসামিরা লালমাটিয়ার প্ল্যানেট ওভারসিজ কনসালটেন্ট নামে একটি এজেন্সির কাগজপত্র দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করতো। তারা এ পর্যন্ত ৬ জন ব্যক্তিকে ভারত হয়ে কানাডার টরেনটো নগরীর সিসকো কোম্পানীতে চাকরির জন্য প্রেরণের জন্য জনপ্রতি ২০ লাখ টাকায় চুক্তি করে।

বাংলাদেশ থেকে তাদের ভারতের শিলিগুড়ি নিয়ে কাকরভিটা বর্ডার দিয়ে নেপালে নিয়ে যায়। নেপালে আসামিদের এজেন্ট হ্যারি ও যুবরাজ নামে দুই বিদেশি নাগরিক তাদেরকে একটি বাড়িতে আটক করে রাখে। অমানবিক শারীরিক নির্যাতন ও মৃত্যুর ভয়ভীতি প্রদর্শন করে বিদেশি মোবাইলে ফোনের মাধ্যমে কল করে দেশ থেকে মুক্তিপণ পাঠানোর কথা বলে।

আসামিদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাসুদ রানা।

এআর/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।