প্রশাসনে শতাধিক পদে রদবদল
প্রশাসনের বিভিন্ন স্তরে শতাধিক পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে সচিব পদে দু`জন, অতিরিক্ত সচিব পদে ২৬ জন, যুগ্মসচিব পদে ৪৫ জন এবং উপ-সচিব পদে ৩১ কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়। সম্প্রতি তিন স্তরে পদোন্নতির পরে এটিই প্রশাসনে বড় ধরনের রদবদল।
রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমকে (এনডিসি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিবদের মধ্য থেকে পিআরডিবির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবদুল ওয়াজেদকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক, জনপ্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) দিলদার আহমেদকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক, ওএসডি কর্মকর্তা তপন কুমার ঘোষকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক মহসিনা ইয়াসমিনকে একই প্রতিষ্ঠানের এমডিএস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ওএসডি কর্মকর্তা নাসরিন আরা সুরত আমিনকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, ওএসডি কর্মকর্তা ময়জুল শাহান খানকে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, জলবায়ু ট্রাস্ট ফান্ডের বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাসকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খানকে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যুগ্ম সচিবদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইব্রাহীম খলিলকে তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইফতেখার উদ্দিন খানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব রওশন আরা বেগমকে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া উপসচিব পদে আরও ৩১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
বিএ/এমএস