বংশালে ফায়ার সার্ভিসের ভূমিকম্প মহড়া
রাজধানীর পুরান ঢাকার বংশালে ফায়ার সার্ভিসের ভূমিকম্প মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বংশাল ট্রেড সেন্টারের ক্রয়কৃত পুরনো একটি ভবনে ‘আর্থকুয়ার্ক ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস জয়েন্ট এক্সারসাইজ ফর ঢাকা সিটি’ শিরোনামে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ভুমিকম্পের পর পুরান ঢাকার একটি ভবনে সার্চ এন্ড রেসকিউয়ের কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি ভূমিকম্প বিধ্বস্ত ভবনটির পাশে অস্থায়ী ক্যাম্প তৈরি করে লজিস্টিক এরিয়া, ফার্স্ট এইড সার্ভিস, সেফ জোন, এম্বুলেন্স ও মিডিয়া ব্রিফিং রুমের ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) এ.বি.এম. নুরুল হক সাংবাদিকদের জানান, জনসচেতনতা গড়ে তুলতে বুধবার দেশের সকল জোনে এক সঙ্গে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ভূমিকম্প বিধ্বস্ত পুরান ঢাকার বাড়িগুলোর ছাদ থেকে ছোট ছোট হোল (গর্ত) করে উপরে তুলে তাদের উদ্ধার করা হবে।
ডিডি আরো জানান, বর্তমান সরকার ফায়ার সার্ভিসকে সমৃদ্ধ করতে অনেক যন্ত্রপাতি সংযোজন করেছে। যদিও এ বাহিনীতে জনবল কম, তবে যে কোন দুর্যোগ মোকাবেলায় ফায়ার ফাইটাররা নিরলসভাবে কাজ করে।
এদিকে, বড় দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ৬২ হাজার স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োগের প্রকল্প নেয়া হয়েছে। ইতিমধ্যে ৩১ হাজার নিয়োগ দেয়া হয়েছে বলে জানান উপ-পরিচালক। মহড়া অনুষ্ঠানটির সময় উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম।
এআর/এএইচ/পিআর