ইউজিসির চেয়ারম্যান হচ্ছেন অধ্যাপক মান্নান


প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৬ মে ২০১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন। তিনি বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য।

চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা অধ্যাপক মান্নান চবির উপ-উপাচার্যও ছিলেন। আগামী দু-একদিনের মধ্যে তার নিয়োগাদেশ জারি হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। ইউজিসির চেয়ারম্যান পদটি সিনিয়র সচিবের পদমর্যাদার।

জানা গেছে, বর্তমানে ইউজিসিতে পাঁচটি সদস্যপদের মধ্যে দুটি খালি রয়েছে। ইউজিসির এ দুটি সদস্য (পূর্ণকালীন) পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম, বুয়েটের সাবেক প্রোভিসি অধ্যাপক হাবিবুর রহমান, গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. খায়রুল আলম খান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মাহফুজুল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও বাকৃবির সাবেক ভিসি অধ্যাপক ড. সাত্তার মণ্ডল, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে এম সাঈদুল হক চৌধুরীর মধ্য থেকে যেকোনো দু`জনকে নিয়োগ দেওয়া হতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চূড়ান্ত সুপারিশের আলোকেই রাষ্ট্রপতি ১৯৭৩ সালের ১০ নম্বর অধ্যাদেশের অনুচ্ছেদ ৪(১)(বি) ১৯৯৮ সালের সংশোধিত ধারামতে দু`জন সদস্য নিয়োগ দেবেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।