ক্যাটাগরি এক-এ উন্নীত হচ্ছে সিভিল এভিয়েশন
অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) মানদণ্ডে ক্যাটাগরি-১-এ উত্তীর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। এ জন্য যাবতীয় প্রস্তুতিমূলক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, চলতি বছরই সিভিল এভিয়েশনের মান ক্যাটাগরি-১-এ উন্নীত হবে। এরপর বাংলাদেশি বিমান সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে।
মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ-সংক্রান্ত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৮ মার্চ থেকে ৫ মে পর্যন্ত চারটি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ১৩৬ জন ফ্লাইট স্ট্যান্ডার্ড ইন্সপেক্টর আন্তর্জাতিক মানে উন্নীত হওয়া অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ইন্সপেকশন মানে আরও এক ধাপ এগিয়ে গেল।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বলেন, মার্কিন ফেডারেল এভিয়েশনের মানদণ্ডে পৌঁছানোর সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে। তিনি জানান, এফএএর কারিগরি পর্যালোচনা অনুযায়ী বাংলাদেশ সিভিল এভিয়েশনের জনবলকাঠামো ও আইন সংশোধন সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ডেভিড মিল।
বিএ/এমএস