ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : ভূমিমন্ত্রী
ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বুধবার রাজধানীর আব্দুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনের মুক্তি হলে এক কর্মশালায় এ কথা জানান তিনি।
সবার জন্য সহায়ক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর জোর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ভূমি মালিকরা খাজনা প্রদানসহ অন্যান্য কাজে যাতে হয়রানির শিকার না হন এবং সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহীতা বজায় থাকে সে লক্ষ্যেই ‘আমরা সময়োপযোগী ও সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই’।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় ভূমি মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি ও বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চেীধুরী।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (আইন) এসএম মনিরুল ইসলাম।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, এনজিও এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নেন।
দুই দশকেরও অধিক সময় পর সরকার জমির খাজনা পুনঃনির্ধারনের উদ্যোগ নেওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মালিকানাধীন অকৃষি জমির বিদ্যমান খাজনার হার শতক প্রতি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে স্বার্থ-সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতও নেয়া হচ্ছে। ইতোমধ্যেই ভূমি উন্নয়ন করের হার পুনঃনির্ধারনের জন্য বিভিন্ন সময়ে ভূমি মন্ত্রণালয় আয়োজিত সভায় ভূমিকর বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে কতিপয় প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।
একে/আরআইপি