পিন্টুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে মাঠে তদন্ত দল


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৬ মে ২০১৫

বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসায় কোনো গাফলতি ছিলো কিনা তা জানতে মাঠে নেমেছে তদন্ত কমিটির সদস্যরা।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জাগো নিউজকে জানান, তদন্ত কমিটির সদস্যরা বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার একেএম নাসির উদ্দিন, হৃদরোগ বিভাগের প্রধান প্রফেসর. ডা. রইস উদ্দিনসহ হৃদরোগ ও জরুরী বিভাগে ঘটনার দিন দায়িত্বপ্রাপ্ত ইর্ন্টানি ডাক্তার, নার্স, ওয়াড বয় ও ট্রলিম্যানদের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন।

পরে পিন্টুর লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক ও রাজশাহী মেডিকেল হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান জুবাইদুল রহমানের সঙ্গেও তারা ময়নাতদন্তের রিপোর্ট প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছে।

এসময় তিনি জানিয়েছেন, পিন্টুর ময়নাতদন্তের সময় সংগ্রহকৃত আলামতগুলোর পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়াও ঢাকার মহাখালীতে ভিসেরা পরীক্ষার জন্য ইতোমধ্যে পিন্টুর ময়নাতদন্তের সময় সংগৃহীত আলামত পাঠানো হয়েছে। বর্তমানে তার ময়নাতদন্তের রির্পোট প্রস্তুতির জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে তিন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার সারাদিন তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কক্ষে রাজশাহী বিভাগের ডিআইজি (প্রিজন) বজলুর রশিদ, কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান, জেলার শাহাদত হোসেন ও কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক আবু সায়েমসহ কারা সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। তদন্ত কমিটি আগামী বৃহস্পতিবার (৭ মে) প্রতিবেদন দাখিল করবে।

প্রসঙ্গত, গত রোববার রাজশাহী কারাগারে থাকা পিন্টু হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগ থেকে তাকে হৃদরোগ বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
পরে বিএনপি নেতা পিন্টুর পরিবারের তোলা অভিযোগ খতিয়ে দেখতে ৩ মে রোববার রাতে ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার, কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরীকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

শাহরিয়ার অনতু/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।