৬ মে : এক নজরে সারাদিনের খবর
সুন্দরবনে সারবাহী জাহাজটি এখনো উদ্ধার হয়নি : পানিতে মিশছে পটাশ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেজ্ঞের ভোলা নদীর বিমলের চর এলাকায় ডুবে যাওয়া সারবাহী এম ভি জাবালে নূর নামে লাইটারেজ জাহাজটি বুধবার দুপুর পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। সেই সঙ্গে অপসারণ করা হয়নি জাহাজে থাকা গলে যাওয়া অবশিষ্ট পটাশ সার।
ভূমিকম্প মোকাবেলায় প্রয়োজন পেশাদার যৌথবাহিনী : ফায়ার ডিজি
সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে নেপাল। সময়ের সঙ্গে পাল্লা বাড়ছে মৃতের সংখ্যা। একই সময়ে জোরালো ভূমিকম্পে কেঁপেছে ভারতসহ বাংলাদেশও। কম্প্রেহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) এক গবেষণায় বলা হয়েছে, ঢাকায় সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৭৮ হাজার ভবন সম্পূর্ণ ধসে পড়বে! ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে দেশের অবকাঠামোগত ক্ষতি হবে প্রায় ৮ হাজার ৫৮০ কোটি টাকা। এছাড়াও ভূমিকম্পে সম্পূর্ণভাবে ধ্বংস হবে রাজধানীর ১০টি প্রথম সারির হাসপাতালসহ ২৪১টি ক্লিনিক এবং ৯০টি স্কুল।
সালমান খানের ৫ বছরের কারাদণ্ড
প্রায় ১৩ বছর পর দোষী সাব্যস্ত হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তার বিরুদ্ধে ওঠা গাড়ি চাপা দিয়ে হত্যা (হিট অ্যান্ড রান) মামলার রায় বুধবার জানিয়েছে মুম্বাইয়ের দায়রা জজ আদালত। এ অপরাধে সালমানের ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজহার-ইউনিসের শতকে দিন শেষে ৩২৩ রানে পাকিস্তান
খুলনা টেস্ট ড্রয়ের পর একটু অস্বস্তিতে ছিল পাকিস্তান। এ অবস্থায় ঢাকা টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিলেন পাকি ব্যাটসম্যানরা। আজহার আলী ও ইউনিস খানের শতকে শক্ত অবস্থানে রয়েছে মিসবাহ-উল-হকের দল।
স্থল সীমান্ত বিল ভারতের রাজ্যসভায় পাস
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ভারতের রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল পাস হয়েছে। বুধবার বিলটি উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
হত্যা মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিট দাখিল
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান আসামি করে মোট ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ইউজিসির চেয়ারম্যান হলেন অধ্যাপক মান্নান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নানকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দ্বাদশ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মাস্টার্স শেষ বর্ষের ভর্তির কার্যক্রম অনলাইনে শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শেষ বর্ষ (নিয়মিত) ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন অনলাইনে আগামী ৭ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট
পিন্টুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে মাঠে তদন্ত দল
বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসায় কোনো গাফলতি ছিলো কিনা তা জানতে মাঠে নেমেছে তদন্ত কমিটির সদস্যরা।
মঞ্জু মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান মঞ্জু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগই আসল জাতীয়তাবাদী দল : জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, বরং আওয়ামী লীগই দেশের আসল জাতীয়তাবাদী দল।
বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়া যাবে না : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় যাওয়া যাবে না। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট অপশক্তি প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। অতীতের মতো এ ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
প্রাণ ডালের সেলফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মঙ্গলবার প্রাণ ডালের সেলফি উৎসব-১৪২২ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজধানী মধ্য বাড্ডার হোসেন টাওয়ারে সেলফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একে/আরআই