বিশ্বসাহিত্য কেন্দ্রের অনলাইনে বইপড়া কর্মসূচি শুরু


প্রকাশিত: ০৫:১৭ এএম, ০৭ মে ২০১৫

বিশ্বসাহিত্য কেন্দ্র দীর্ঘদিন ধরেই বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস জোরদার করতে কাজ করে যাচ্ছে। বইপড়া কর্মসূচি আর ভ্রাম্যমাণ পাঠাগার নিয়ে তারা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে এখানেই তারা থেমে নেই। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র শুরু করেছে অনলাইন বইপড়া কর্মসূচি।

গ্রামীণফোনের সার্বিক সহযোগিতায় কেন্দ্রের নিজস্ব প্রকাশনার ও বইপড়া কর্মসূচির নির্বাচিত কিছু বই নিয়ে অনলাইনে আলোর পাঠশালা নামে বইপড়া কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি সবার জন্য উন্মুক্ত। এছাড়া বইপড়া উৎসাহিত করার জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা। আগ্রহী যে কেউ সদস্য হয়ে বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। যারা সদস্য হবেন তারা খুব সহজেই এ সাইট থেকে বিনা মূল্যে বইগুলো ডাউনলোড করে পড়তে পারবেন।

এ প্রসঙ্গে স্যার আবদুল্লাহ আবু সাঈদ বলেন, বই পড়াকে কোথাও আটকে রাখা যাবে না। ধরে রাখা যাবে না কোনো সীমাবদ্ধ মাধ্যমে। ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে সবার সুবিধামতো। তিনি আরও বলেন, উদ্দেশ্য একটিই। আর তা হল বইয়ের মাধ্যমে আলো ছড়িয়ে দেয়া। আর এবার আলো ছড়াবে ইন্টারনেট। বইপড়ুয়াদের মাঝে একটা বিশাল অংশই এখন ইন্টারনেট ব্যবহার করছে বিভিন্ন কারণে। ইন্টারনেটে বইপড়া সুযোগ রাখা তাদের আলোকিত করতেই।

গ্রামীণফোনের হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল বলেন, আমরা ইন্টারনেটভিত্তিক আরো বেশি সেবা দিতে চাই। আমাদের লক্ষ্য ইন্টারনেটের মাধ্যমে সামাজিক ক্ষমতায়ন। বইপড়া উদ্যোগটি নিঃসন্দেহে আমাদের সমাজকে আলোকিত করবে। জ্ঞানের কোনো বিকল্প শক্তি নেই।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।