উত্তরাঞ্চলের দুগ্ধখামারীদের উন্নয়নে কাজ করবে প্রাণ ডেইরী ও সিএলপি
উত্তরাঞ্চলের আট জেলার চর এলাকায় দুগ্ধ খামারীদের উন্নয়নে একসাথে কাজ করতে প্রাণ ডেইরী এবং চর জীবিকায়ন কর্মসূচি (সিএলপি) এক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রাণ ডেইরী এখন থেকে সিএলপি’র আওতাধীন ১২০টি ইউনিট থেকে দুগ্ধ সংগ্রহ করতে পারবে বলে জানান প্রাণ ডেইরীর চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান।
তিনি আরো জানান, সিএলপি’র আওতাধীন ১২০টি ইউনিটের খামারীদের উন্নয়নে প্রাণ ডেইরীর পক্ষ থেকে চিকিৎসা প্রদান, গো-খাদ্য সরবরাহ, বিভিন্ন ভ্যাক্সিন প্রদান এবং গরু-বাছুর কৃমি মুক্ত রাখতে সহায়তা করবে। এর ফলে খামারীরা উপকৃত হবে এবং ওইসব এলাকায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো জানান, প্রাণ ডেইরীর তিনটি হাবের অধীনে নয় হাজারের অধিক চুক্তি ভিত্তিক দুগ্ধ খামারী রয়েছে। এছাড়াও প্রাণ ডেইরী সারাদেশে ১২৩টি দুগ্ধ সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে গড়ে দৈনিক দেড় লাখ লিটার দুধ সংগ্রহ করে।
চর জীবিকায়ন কর্মসূচি (সিএলপি) এর টিম লিডার ম্যাথিউ প্রিচার্ড জানান, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, পাবনা, টাঙ্গাইল ও জামালপুর জেলার ৪৬টি চর এলাকার দুগ্ধ খামারীদের জন্য ১২০টি দুগ্ধ বেচা-কেনার বাজার সৃষ্টি করেছি যেখানে তিন হাজারের অধিক খামারী দুগ্ধ কেনা-বেচা করে। প্রাণ ডেইরীর সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং এর ফলে আমাদের খামারীরা ভীষণভাবে উপকৃত হবে বলেও তিনি জানান।
সিএলপি যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ ইউকে এইড এবং অস্ট্রেলিয়ান সরকারের পররাষ্ট্র সম্পর্ক এবং বাণিজ্য বিভাগের অর্থায়নে যৌথভাবে পরিচালিত হয়। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই প্রকল্পটি পরিচালিত হয়।
প্রাণ ডেইরীর চিফ অপারেটিং অফিসার মো. আনিসুর রহমান ও চর জীবিকায়ন কর্মসূচি (সিএলপি) এর টিম লিডার মি. ম্যাথিউ প্রিচার্ড সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। প্রাণ ডেইরীর চিফ এক্সটেনশন অফিসার ডা. রাকিবুর রহমান, সিএলপি এর উর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আলী ও ফ্লোরিয়ানসহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এআরএস/পিআর