প্রধানমন্ত্রী শাহজাদপুর যাচ্ছেন শুক্রবার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদ্বোধন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার শাহজাদপুর সফরে যাচ্ছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী এরই মধ্যে শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে বিশাল প্যান্ডেল এবং মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণের কাজ চলছে পুরোদমে। রবীন্দ্র কাচারিবাড়িসহ পৌর এলাকার বিভিন্ন স্থাপনা বর্ণিল সাজে সাজানো হচ্ছে।
শাহজাদপুরে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শাহজাদপুরের বাঘাবাড়িতে এসেছিলেন। এর আগে ৯১ সালে নির্বাচনী সফরে যাবার পথে আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত ড. মাযহারুল ইসলামের পক্ষে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় তিনি বক্তব্য দেন।
শাহজাদপুর সফরকালে তিনি বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন। এরমধ্য রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন, সিরাজগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন, সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম উদ্বোধন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ভিত্তি স্থাপন, জেলা রেজিস্ট্রার কার্যালয় ও শেখ রাসেল পৌর শিশু পার্কের উদ্বোধন করবেন। পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন।
এএইচ/পিআর