এপ্রিলেই ৬১ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ১০ মে ২০১৫

চলতি বছরের শুধু এপ্রিল মাসেই ৬০ কোটি ৭৭ লাখ টাকার বেশি চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজিবি সদর দফরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৬০ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৯৬৬ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

এর মধ্যে অন্তর্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ৪৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৫৪৫ টাকা এবং বহির্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ১৫ কোটি ১২ লাখ ১৭ হাজার ৪২১ টাকা।

গত এপ্রিলে বিজিবির অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ মাদকের মধ্যে রয়েছে ৫৫ হাজার ৮৮ বোতল ফেনসিডিল, ৫ লাখ ৩৪ হাজার ৯০৪টি ইয়াবা ট্যাবলেট, ২ হাজার ৪৮১টি উত্তেজক ট্যাবলেট, ২২ হাজার ২৮৫ বোতল বিদেশি মদ, ৫১৫ লিটার স্থানীয় মদ, ৬ হাজার ৫৩৯টি ক্যান বিয়ার, ৯৯৫ কেজি গাঁজা, ১১০ গ্রাম হেরোইন, ৫ হাজার ৮৮৬টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১২ লাখ ৪৮ হাজার ৩০৪টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট।

গত ১ মাসে বিজিবির অভিযানে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ২টি বন্দুক, ২টি রিভলভার, ৬টি ম্যাগজিন এবং ৩৪ রাউন্ড গুলি।

বিজিবির অভিযানে গত মাসে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৯ জনকে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ এবং ২৬৫২টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১৫৮ জন বাংলাদেশিকে আটক করে থানায় সোপর্দ, ১৩ জন ভারতীয় নাগরিককে আটক করে ১০ জনকে স্বদেশে ফেরত এবং ৩ জনকে থানায় সোপর্দ করা হয়েছে।

গত মাসে সীমান্ত পথে ৮৪৪ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়। এছাড়া উল্লেখিত সময়ে ৬০ জন নারী-শিশুকে পাচারকালে উদ্ধার করা হয়, যার মধ্যে ৪৩ জন নারী ও ১৭ জন শিশু রয়েছে এবং এ সংক্রান্ত ১১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মুহম্মদ মোহসিন রেজা।

জেইউ/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।