নারী লাঞ্ছনার ঘটনা পুলিশের অপেশাদার আচরণ : ডিএমপি
রাজধানীর মিন্টু রোডে ছাত্র ইউনিয়নের মিছিলে এক নারীকে লাঞ্ছনার ঘটনাকে অপেশাদার আচরণ ও অনাকাঙ্ক্ষিত বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার ও ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, প্রথমে আন্দোলনকারীদের বাধা না দেয়া হলেও পরে তারা ব্যারিকেড ভেঙ্গে মিন্টু রোডের মন্ত্রিপাড়ায় চলে আসে। এ এলাকায় বিচারপতির বাসভবন। এখানে মিছিল ও সমাবেশ করতে দেয়া হয় না। এ বিষয়ে তাদের বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তারা ওই সময় দ্বায়িত্বপালনকারী রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল বাতেনকেও শারীরিকভাবে লাঞ্চিত করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তবে ছত্রভঙ্গের সময় এক ছাত্রীর উপর অপেশাদার আচরণ করা হয়েছে। একে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে ডিএমপি মুখপাত্র ডিএমপি ও পুলিশ সদর দফতরের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করার কথা জানান।
প্রসঙ্গত, রোববার বাংলা নববর্ষে নারী লাঞ্চনার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের ডিএমপি কার্যালয় ঘেরাওকে কেন্দ্র করে ছাত্র পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আন্দোলনরত এক ছাত্রীকে লাঞ্ছিত করেন পুলিশের এক কর্মকর্তা।
এআর/বিএ/আরআই