বিচারপতি অপসারণে সম্পূরক আইন বাজেট অধিবেশনেই : সুরঞ্জিত
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, আসন্ন বাজেট অধিবেশনেই বিচারপতি অপসারণে সম্পূরক আইন উত্থাপিত হবে। সম্পূরক এ আইনটি পাস হলে বিচারপতিদের অপসারণে আর কোনো বাধা থাকবে না।
সুরঞ্জিত বলেন, এর আগে সংবিধান ষোড়শ সংশোধনী বিল সংসদে পাস হয়েছে। বিলটি পাসের সময় বলা হয়েছিলো বিচারপতি অপসারণ কোন পদ্ধতিতে হবে তা নিরূপণ করতে আইন করা হবে। সে লক্ষ্যেই ‘বিহেভিয়ার ইনক্যাপাসিটি অব জাজেস’ শীর্ষক আইনটি আসছে বাজেট অধিবেশনেই উত্থাপন করা হবে।
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে তিনি এ কথা জানান।
সুরঞ্জিত আরো বলেন, ষোড়শ সংশোধনী বিলটি পাস হওয়ার পর এই আইনটি খুবই জরুরি হয়ে পড়েছিলো। কারণ আইনটি না থাকায় এতো দিন ষোড়শ সংশোধনী অকার্যকর ছিলো।
সাবেক এ মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সকল প্রতিষ্ঠানেরই সংসদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিচারপতিদের বেলাতেও তাই। ইতোমধ্যে আইনের একটি খসড়া মন্ত্রণালয় তৈরি করেছে। খসড়া আইনটি সংসদে আসলে তখন কমিটি যথাযথভাবে যাচাই-বাছাই করে আইনটি পাসের জন্য পাঠাবে। তার আগে বিশেষজ্ঞাদের সঙ্গে পরামর্শ করা হবে।
সভাপতি আরো বলেন, বিচারপতিদের অসাদচরণ ও অসামর্থ্য প্রমাণিত করবে বিচারপতিরাই। তারাই ঠিক করবে কোন বিচারপতিদের ভালো বা মন্দ আচারণ নির্ণয় করবে। তাদের সুপারিশে সংসদ সিদ্ধান্ত নেবে। এটাই হচ্ছে আইনের মূল কথা।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে সংবিধান (ষোড়শ সংশধোন) বিল-২০১৪ পাস হয়। আর আগামী ১ জুন থেকে সংসদের বাজেট অধিবেশন বসছে।
এইচএস/এএইচ/আরআই