প্রতিবন্ধীবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার : মেনন
প্রতিবন্ধীবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার এমনটি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার রাজধানীর বিজয় নগরে ঢাকা বধির হাইস্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘অনগ্রসর জনগোষ্ঠীকে পশ্চাতে রেখে জাতীয় অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব নয়। এ উপলব্ধি থেকেই বর্তমান সরকার প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য আইন প্রণয়ন করেছে। পাশাপাশি প্রতিবন্ধীবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।’
মন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধিপ্রতিবন্ধী অথবা দৃষ্টিপ্রতিবন্ধীসহ একেক শ্রেণির প্রতিবন্ধীদের সমস্যা ও প্রতিকার প্রায় ক্ষেত্রেই ভিন্ন হওয়ায় সকল শ্রেণির সকল প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়ন সমানভাবে হচ্ছে না। সেজন্যই সকল শ্রেণির প্রতিবন্ধীদের সমস্যা চিহ্নিত করে সমন্বিত প্রতিকারের বিকল্প নেই।
তিনি বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ করে ইশারা প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে সরকার বেশ কিছু কার্যক্রম ইতোমধ্যেই বাস্তবায়ন করেছে।
বাক প্রতিবন্ধীরা যাতে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে সরকার সে লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের শিক্ষার পাশাপাশি চাকরিতেও কোটা নিশ্চিত করেছি’।
প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হামজানা, জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এবং বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বক্তারা বধিরদের জীবনমান উন্নয়নে বধির স্কুলটিকে বধির কলেজে রূপান্তর এবং বিদ্যালয় ক্যাম্পাসে একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণের দাবি জানান।
মন্ত্রী বক্তাদের দাবির পেক্ষিতে, প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধীসহ সমাজের সকল শ্রেণির মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এসএইচএস/আরআই