ক্রিকেট দলের অভূতপূর্ব জয়ে সংসদের অভিনন্দন


প্রকাশিত: ০৬:৪১ এএম, ২২ জুন ২০১৫

ক্রিকেটবিশ্বে পরাক্রমশালী দেশ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অদম্য বাঘদের সিরিজ জয়ে জাতীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এ সময় বিশ্বকাপের সেমিফাইলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিতর্কিত বিজয়ের বিষয়েও বক্তব্য রাখা হয়।

সোমবার সকালে সংসদের বৈঠকের কার্যক্রমের শুরুতেম ভারতের বিরুদ্ধে বিরল জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানানো হয়। এরপর আসন্ন বাজেটের ওপর সাধারণ আলোচনার সময়ও বাংলার বাঘদের প্রশংসায় মুখর থাকে সংসদ।

সকাল ১১টায় বৈঠকের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ক্রিকেট দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিনন্দন জানাচ্ছি।

এরপরে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র এমপি হাজী মো. সেলিম বলেন, বাংলাদেশের টাইগাররা তিন ম্যাচের দুটিতে জিতে ইতিমধ্যে সিরিজ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছে। তারা দেখিয়ে দিয়েছে ভারতের থেকে কোনো অংশে কম শক্তিশালী দল নয় আমরা।

তিনি বলেন, বিশ্বকাপে ভারত অন্যায়ভাবে আমাদের হারিয়েছিল, এখন টের পাচ্ছে কত ধানে কত চাল। সেলিম বলেন, বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে হারিয়ে সিরিজ জয় করায় আজ আনন্দের জোয়ারে ভাসছে দেশ। সেহেরির সময় থেকে আনন্দ মিছিল শুরু হয়। ভারতকে টাইগাররা বুঝিয়ে দিতে প্রস্তত, বাংলাওয়াশের কী জ্বালা।

এ সময় তিনি মিয়ানমারে অপহৃত বিজিবি সদস্যের প্রতি যে অমানবিক আচরণের ছবি প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান এবং তাকে ছাড়াতে সরকারকে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই বিষয়ে বক্তব্যে এমপি ফজলে নূর তাপস টাইগারদের এ বিশাল বিজয়ে ধন্যবাদ দেন।

তাপস বলেন, বাংলার টাইগাররা বুঝিয়ে দিয়েছে, তাদের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। আমরা সংসদের মাধ্যমে ১৬ কোটি মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাই। একই সঙ্গে বুধবার তৃতীয় ওডিআইতে পরাজিত করে বাংলাওয়াশ করতে প্রস্তত টাইগাররা। আমরাও সে প্রত্যাশায় আছি।

তিনি আরো বলেন, বিশ্বকাপে ভারত বিতর্কিতভাবে আমাদের টিমকে হারিয়েছিল। টাইগাররা তার যোগ্য জবাব দিয়েছে। তিনি দেশের ক্রিকেটারদের এ জয়ের ধারা অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন।

এরপরে বক্তব্য দিতে গিয়ে সংরক্ষিত মহিলা আসনের এমপি ফজিলাতুল নেসা বাপ্পি টাইগারদের ভারতের বিরুদ্ধে এ বিশাল বিজয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, গত বিশ্বকাপে ভারত অন্যায়ভাবে আমাদের হারিয়েছিল। আমাদের ছেলেরা তার যোগ্য জবাব দিয়েছে।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।