সাইবার ক্রাইম দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে : কামাল
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা বিশ্বব্যাপী সাইবার ক্রাইম অপরাধের শীর্ষে। এই সাইবার ক্রাইম দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমাদের এখানে রয়েছে সর্বধুনিক ডিএনএ টেষ্ট ল্যাবরেটোরি (ল্যাব)। এখন আর ডিএনএ টেষ্ট করতে বিদেশে যেতে হয় না বলেও জানান তিনি।
সোমবার দুপুরে জাতীয় সংসদের বৈঠকে ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাইবার ক্রাইম মুক্ত করতে ইতোমধ্যে নানাবিধ ব্যবস্থা নিয়েছি। সীমান্তবর্তী ২০০ মাইল নজরদারীতে আছে। অচিরেই আরো ২৫০ মাইল নজরদারিতে আনা হবে। এভাবে সারা দেশকে সাইবার ক্রাইম মুক্ত করতে নজরদারিতে আনার কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমাদের বিজিবি, কোস্ট গার্ড, আনসার, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সেভাবেই গড়ে তুলছি। মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।
রাজধানীর যানজটের চিত্র তুলে ধরে বলেন, ঢাকা শহরের যানজট, আর পানির অবস্থা অস্বীকার করার কিছু নাই। কিন্তু যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে যানজটমুক্ত হবে। বিশেষ করে ফ্লাইওভার, মেট্রোরেলের কাজ চলছে।
পদ্মা সেতু প্রসঙ্গে বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জানতেন পদ্মা সেতু নির্মাণ হলে আমাদের কি পরিবর্তন আসবে। অর্থনীতিতে কি গতি আসবে, এসব কিছু জানতেন বলেই তিনি সব বাধা উপেক্ষা করে দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের সাহসী পদক্ষেপ নিয়েছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন বদলে দেবেন বাংলাদেশকে, সে অনুযায়ী তিনি পরিকল্পনা করেছিলেন। সেটা বাস্তবায়ন হচ্ছে। আজ আমরা একটি বিকল্প দেখছি। আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছি। খাদ্যে শুধু স্বয়ংসম্পন্নই নয়, বিদেশে রাপ্তানী হচ্ছে। মাথাপিছু আয় ১৩১৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, একেই বলে দক্ষতা ও দূরদর্শিতা।
এইচএস/এসকেডি/এমএস