সরকার রেলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে : রেলমন্ত্রী


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২২ জুন ২০১৫

রেলওয়েকে যুগোপযোগীকরণ, সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব ও যাত্রীসেবামূলক গণপরিবহন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার রেলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে রেলমন্ত্রী মুজিবুল হক। সোমবার জাতীয় সংসদের বৈঠকে ঢাকা-১ আসনের সাংসদ সালমা ইসলামের লিখিত প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি ।

রেলমন্ত্রী বলেন, রেলের যাত্রী সেবার মান বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে ৩৩ হাজার ৬৪৭ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে মোট ৪৮টি প্রকল্প চলমান রয়েছে।

মুজিবুল হক  জানান, রেলপথ সম্প্রসারণ ও নতুন রেলপথ নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। খুলনা- থেকে মংলা পর্যন্ত রেল লাইন স্থাপন, কালুখালি- ভাটিপাড়া, পাচুরিয়া-ভাঙা রেলপথ নির্মাণ করা হবে। এছাড়া নাভারন থেকে সাতক্ষীরা হয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন নির্মানের সম্ভাব্যতা সমীক্ষার কাজ সমাপ্ত হয়েছে।  দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ও মায়ানমারের নিকট গুনদুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এর মধ্যে আছে ঢাকা-টঙ্গী, টঙ্গী- ভৈরববাজার, চিনকি আস্তানা-লাকসাম ও লাকসাম-আখাউড়া ডাবল লাইন নির্মাণ, ঢাকা- নারায়নগঞ্জ সেকশনে বিদ্যমান রেললাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ লাইন নির্মাণ এবং ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে।

তিনি  জানান, এছাড়া রেললাইনের পুনর্বাসন, রোলিং স্টক সংকট নিরসনে অনেকগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছে, সিগন্যালিং ও ইন্টার লকিং সিস্টেম উন্নয়নে কার্যক্রম চলছে, নতুন ট্রেন চালুকরা হচ্ছে, ই-টিকিটিং ব্যবস্থা প্রচলন হয়েছে, ট্রেন ইনফরমেশন ডিজিটালাইজেশন করা হয়েছে, ট্রেন ইনফরমেশন ডিসপ্লে চালু হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার হয়েছে ও বিভিন্ন স্টেশনে বিশ্রামাগার ও টয়লেট সুবিধা বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া ২০ বছর মেয়াদী ( জুলাই-২০১০ থেকে ২০৩০ সালের জুন) একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এটি ৪টি পর্যায়ে শেষ করা হবে। মাস্টার প্ল্যানটি বাস্তবায়নের জন্য ২ লাখ ৩৩ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ২৩৫টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংসদকে জানান রেলমন্ত্রী।

এইচএস/ এসকেডি/পিআর/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।