গুলশান লেকে অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২২ জুন ২০১৫
ফাইল ছবি

রাজধানীর শাহজাদপুরে গুলশান-বারিধারা লেকের অংশ ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থার নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জে এন দেব চৌধুরীর হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দিয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) আদালতের এ নির্দেশ বাস্তবায়ন করে ৩ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ আদেশের পাশাপাশি জারিকৃত এক রুলে, গুলশান লেকে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কাউকে অনুমতি না দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আগামী ৪ সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সময় আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।