আমীর খসরু
জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না- এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও তা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও এসময় মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে তার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। গণতান্ত্রিক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনিই সবচেয়ে বেশি লড়াই করেছেন। জনগণের ভোটের অধিকারই ছিল তার মূল চাওয়া।
খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে বিএনপির এ নেতা বলেন, ‘বেগম জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশযাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।’
কেএইচ/একিউএফ/জেআইএম