সুষ্ঠু নীতির কারণে মাথাপিছু আয় বাড়ছে : সমাজকল্যাণমন্ত্রী


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৬ মে ২০১৫

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কেউ দেশকে কখনো কিছু দিতে পারেনি। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ সব সময় এগিয়ে গেছে, এগিয়ে যাবে। যে কারণে গত ৩ মাস নাশকতার পরও দেশের মানুষের মাথাপিছু আয় ১২শ থেকে ১৩৪০ ডলারে উন্নীত হয়েছে।
শুক্রবার রাতে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে পাক্ষিক বিশ্বনাথ বার্তার প্রথম বর্ষপূর্তি ও অনলাইন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, জিডিপি একটি দেশের মানদণ্ড নির্ধারণ করে। বাংলাদেশে জিডিপি ভারতের চেয়েও বেশি। তাদের জিডিপি ৫ এর কোঠায়। কিন্তু বাংলাদেশের জিডিপি ৭ এর কাছাকাছি। সম্প্রতি বিএনপি জোটের জ্বালাও পোড়াও আন্দোলন দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যথায় দেশের জিডিপি ৭.২-এ পৌঁছাতে। তিনি এসব অপরাজনীতি রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

দেশের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার জন্য এ পেশায় নিয়োজিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

পাক্ষিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মো. মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সুশানের জন্য নাগরিক (সুজন) এর সিলেট চ্যাপ্টারের সভাপতি সিলেট চেম্বারের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী।

বিশ্বনাথ বার্তার উপদেষ্টা সম্পাদক এ এইচ এম ফিরোজ আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফম সাঈদ, রাগিব-রাবেয়া ডিগ্রি কলেজের প্রফেসর খালেদ উদ্দিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার সমাজসেবা সম্পাদক ডা. খুরশেদা আক্তার, দৈনিক সিলেট সুরমার বার্তা সম্পাদক ফয়সল আলম, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম আব্দুর রহমান।

ছামির মাহমুদ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।