সালাহউদ্দিন যেমন আছেন ভারতে
শর্তসাপেক্ষে মেঘালয়ের শিলং আদালত থেকে জামিন পাওয়ার পর এখনাে সেখানেই অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। এদিকে ভারত থেকে ইতোমধ্যে স্বামীকে ছাড়াই দেশে ফিরে এসেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
দেশে ফিরে তিনি জানান, সালাহউদ্দিন আহমেদ এখন নিয়মিত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত এবং বই পড়েই শিলংয়ে সময় কাটাচ্ছেন। বাংলাদেশ থেকে তার নির্বাচনী এলাকার অনেকেই শিলং গিয়ে তার সঙ্গে দেখা করছেন। এলাকার লোকজনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের এবং দেশের খোঁজ-খবর নেয়া তার প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে।
হাসিনা জানান, প্রতি সাতদিন পর পর তাকে আদালতে হাজিরা দিতে হয়। এ কারণে শিলংয়ের তিন তারকা মানের একটি গেস্ট হাউসে অবস্থান করছেন সালাহউদ্দিন আহমেদ। গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়া একদমই গেস্ট হাউস থেকে বের হচ্ছেন না তিনি।
এছাড়া মাঝে মাঝে তার আইনজীবী এসপি মহন্তোর চেম্বারে যান তিনি। আর পুলিশ সুপারের সঙ্গেও সময়-সুযোগ করে সাক্ষাৎ অব্যাহত রেখেছেন সালাহউদ্দিন।
হাসিনা আহমেদ আরো জানান, সালাহউদ্দিনের দুই কেজি ওজন কমে গিয়েছিল। এখন সেটা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। তবে এখনো কিডনির সমস্যা, চর্মরোগ এবং ব্যাক পেইন রয়ে গেছে। ব্যাক পেইনের জন্য একজন ফিজিওথেরাপিস্ট গেস্ট হাউসে একদিন পর-পর তার খোঁজ-খবর নেন।
দুই সপ্তাহ পর স্বাস্থ্য পরীক্ষা করাতে আবার নেগরিমস হাসপাতালে সালাহউদ্দিন যাবেন বলেও জানান হাসিনা আহমেদ।
এর আগে, রাজধানীর উত্তরায় আত্মীয়র বাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দু’মাস পর শিলংয়ে খোঁজ মেলে বিএনপির এই আলোচিত নেতার। পরে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মানসিক হাসপাতাল ও পরে শিলং সিভিল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
এরপর তাকে গ্রেফতার দেখিয়ে উন্নত চিকিৎসার জন্য নেগরিমস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সালাহউদ্দিন আহমেদ।
হাসিনা আহমেদ বলেন, সালাহউদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে। তার বড় মেয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলে, অন্য দুই সন্তানকে সঙ্গে নিয়ে খুব শিগগিরই আবার শিলং যাবেন বলে জানান হাসিনা।
সালাহউদ্দিন দেশ ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে হাসিনা আহমেদ জাগো নিউজকে বলেন, শিলংয়ের আদালত থেকে স্থায়ী জামিন পাওয়ার পর সিঙ্গাপুরে সালাহউদ্দিনকে উন্নত চিকিৎসা দিতে হবে। পরবর্তীতে পুরোপুরি সুস্থ হলে দেশে আসার বিষয়টি চিন্তা করবেন তারা।
এমএম/বিএ/এমএস/এসআরজে