কোরবানিতে সব শরিকের অংশ সমান হওয়া জরুরি?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৭ মে ২০২৬
কোরবানিতে সব শরিকের অংশ সমান হওয়া জরুরি? ছবি: জাগো

প্রশ্ন: কোরবানিতে সব শরিকের অংশ সমান হওয়া জরুরি? যদি দুইজন শরিকের মধ্যে একজন তিন নাম দেন, আরেকজন চার নাম দেন, তাহলে কি কোরবানি হবে না?

উত্তর: উট, গরু ও মহিষ এ তিন পশু সর্বোচ্চ সাতটি নামে কোরবানি হতে পারে। জাবের (রা.) বলেন, আমরা আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাথে হজের ইহরাম বেঁধে রওয়ানা হলাম। তিনি উট ও গরু কোরবানির জন্য সাতজন করে শরিক হওয়ার নির্দেশ দিলেন। (সহিহ মুসলিম: ১৩১৮, ৩০৪৯)

উট. গরু বা মহিষ কোরবানিতে যতজন শরিক থাকেন, প্রত্যেক শরিকের নাম বা অংশ সমান হওয়া জরুরি নয়। দুই শরিকের মধ্যে একজন যদি এক নাম বা এক অংশের কোরবানি করেন, আরেকজন যদি ছয় অংশের কোরবানি করেন, তাহলেও কোরবনি শুদ্ধ হবে।

তবে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য প্রত্যেক শরিককে কমপক্ষে এক সপ্তমাংশ কোরবানি করতে হবে। কোনো শরিকের অংশ যদি এক সপ্তমাংশের কম হয়, তাহলে তার ও অন্যান্য শরিকদের কোরবানি শুদ্ধ হবে না।

যেমন কোনো গরুর শরিক যদি তিন জন হয়, তাদের মধ্যে একজন যদি এক সপ্তমাংশের কম টাকা দেন এবং তার অংশ এক নামের অর্ধেক ধরা হয়, বাকি দুইজনের একজন তিন অংশ আরেকজন সাড়ে তিন অংশ কোরাবনি করেন, তাহলে কারো কোরবানি শুদ্ধ হবে না।

উল্লেখ্য, একটি গরু, উট বা মহিষ কোরবানিতে সাত শরিক থাকা বা সাতটি নাম থাকা জরুরি নয়। এক গরু এক নামেও কোরবানি করা যায়। দুই, তিন, চার বা পাঁচ নামেও কোরবানি করা যায়। এ রকম ক্ষেত্রে যে কয়জন শরিক থাকবে বা যে কয়টি নামে কোরবানি করা হবে, প্রত্যেকটি নামের বিপরীতে সমান অর্থ দিতে হবে এবং মাংসও নামের সংখ্যা অনুযায়ী দুই/তিন/চার বা পাঁচ অংশে ভাগ করা হবে।

অনেকে মনে করেন, একটি গরু কোরবানিতে সাতজন শরিক থাকা বা সাতটি নাম থাকা জরুরি। এ ধারণা সঠিক নয়। সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক থাকার সুযোগ রাখা হয়েছে, সাত নাম বা সাত শরিক রাখা আবশ্যক করা হয়নি।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।