শেরে বাংলায় সাংবাদিকদের প্রবেশাধিকারে বিসিবির নতুন বিধিনিষেধ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে এখন থেকে বিসিবির নির্ধারিত কোনো ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন না গণমাধ্যমকর্মীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকলের জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত। এরমধ্যে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য পূর্বের মতো গেট-১ খোলা থাকবে।

এছাড়া শুধু নির্দিষ্ট উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন সাংবাদিকরা। যার মধ্যে রয়েছে ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বিসিবি কর্তৃক জানানো নির্দিষ্ট অনুশীলন বা প্রশিক্ষণ সেশন।

নিরাপত্তা, শৃঙ্খলা এবং ভেন্যু ও বোর্ড কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এসব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। নতুন নিয়ম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেছে ক্রিকেট বোর্ড

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।