খেলতে না পারলেও মেন্টর হিসেবে থাকবেন টেলর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। তবে এরমধ্যে দুঃসংবাদও পেয়েছে দলটি। চোটের কারণে ছিটকে গেছেন ব্রেন্ডন টেলর। অজিদের বিপক্ষে চোটের কারণে খেলা হয়নি রিচার্ড এনগারাভারও।

ম্যাচ চলাকালিন পায়ে তীব্র টান অনুভব করেন অধিনায়ক সিকান্দার রাজা। পিঠের অস্বস্তিতে মাঠ ছাড়েন দলের পেসার ব্লেসিং মুজারাবানিও। একের পর এক চোটের সমস্যায় দল যখন জর্জরিত, টেলর প্রয়োজনে মাঠে নামার প্রস্তুতি নেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর শনিবার টেলর জানান, মাঠের বাইরের সব অতিরিক্ত খেলোয়াড় তখন মাঠে নামায় তিনি নিজেই প্রধান কোচ জাস্টিন সামন্সকে বলেন, প্রয়োজন হলে তিনি উইকেটকিপারের দায়িত্ব নেবেন এবং তাদিওয়ানাশে মারুমানি মাঠে নামবেন। যদিও মুজারাবানি ও রাজা খেলা চালিয়ে যেতে পারায় আর তাকে মাঠে নামতে হয়নি।

ডাগআউটে বসেই দেখলেন কীভাবে তার সতীর্থরা ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মধুর স্মৃতি ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের জয় তুলে নিয়েছে। যদিও ২০০৭ এর আসরে জয় নিশ্চিত করা রানটা এসেছিল তার শরীরে লেগে। জয়ের ব্যাপারে টেলর বলেন, ‘এটি ছিল অসাধারণ দলগত সাফল্য এবং একজন জিম্বাবুইয়ান হিসেবে গর্বের দিন। খেলাধুলা যে একটি দেশের মানুষের মধ্যে শক্তি ও একতা তৈরি করে, সেটিই আবার প্রমাণ হয়েছে।’

দুই ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপে ভালো অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। তবে এখনো খেলা বাকি আয়ারল্যান্ড এবং সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে। অন্তত একটি ম্যাচে জিততে হবে সুপার এইটে উঠতে হলে। তবে এই ম্যাচগুলোতে খেলতে পারবেন না টেলর। তিনি দলের সঙ্গে থাকবেন মেন্টরের ভূমিকায়।

টেলর জানান, চোট তার জন্য নতুন অভিজ্ঞতা। দীর্ঘ বিরতির পর ফেরার পর গত পাঁচ–ছয় মাসে তার কুঁচকি ও হ্যামস্ট্রিংয়ে পাঁচবার পেশি ছিঁড়ে যাওয়ার সমস্যা হয়েছে। পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়াকেই তিনি এর বড় কারণ মনে করছেন। বিশ্বকাপ শেষে টানা দুই মাস পুনর্বাসন ও শারীরিক প্রস্তুতির মাধ্যমে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তোলার লক্ষ্য তার।

আগামী মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে এবং বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।