পিন্ডি হোক বা সিলেট, নাহিদ রানাকে খেলতেই পারেন না বাবর আজম
নাহিদ রানার মুখোমুখি হলেই যেন অস্বস্তিতে পড়ে যান পাকিস্তানের অভিজ্ঞ ব্যাপার বাবর আজম। সেই নিজের দেশের মাঠ রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশের সিলেট, এ নিয়ে টানা তিন ইনিংসে নাহিদ রানার শিকার হলেন পাকিস্তানের এই ব্যাটার।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করা বাবরকে নাহিদ রানাই ফিরিয়েছেন। মিডল স্ট্যাম্পে থাকা বল অন সাইডে খেলতে গিয়ে মিডঅনে সহজ ক্যাচ তুলে দেন তিনি, সেই ক্যাচটি নেন মুশফিকুর রহিম।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত চার ইনিংসে নাহিদের মুখোমুখি হয়েছেন বাবর, আর তিনবারই ফিরেছেন এই পেসারের বলে। এমনকি পুরো হিসাবটা দেখলেও নাহিদের বিপক্ষে খুব একটা স্বস্তিতে ছিলেন না পাকিস্তানি ব্যাটার।
২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে প্রথমবার রানার মুখোমুখি হন বাবর। ওই সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অবশ্য নাহিদের সামনে পড়েননি তিনি। কারণ ইনিংসের শুরুতেই শরিফুল ইসলামের বলে আউট হয়ে গিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে প্রথমবার নাহিদের মুখোমুখি হন এবং আউট হন।
এরপর দ্বিতীয় টেস্টেও একই গল্প। আবারও বাবরকে থামান নাহিদ, সেবার পাকিস্তানি ব্যাটারের সংগ্রহ ছিল মাত্র ১১ রান। সেই সিরিজে বাবরের বিপক্ষে মোট ২৪ বল করেছিলেন নাহিদ, আর তাতেই দুইবার উইকেট তুলে নেন।
সিলেটে এবার বাবর নাহিদের বিপক্ষে খেলেছেন ১৫ বল। প্রথম ১৪ বলে এসেছে মাত্র ৯ রান, ছিল কেবল একটি চার। এরপর ১৫তম বলেই শেষ হয়ে যায় ইনিংস।
সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে নাহিদের ৩৯ বল মোকাবিলা করেছেন বাবর। এর মধ্যে ২৬ বলেই কোনো রান নিতে পারেননি তিনি। রান করেছেন মোটে ২২, বাউন্ডারি মাত্র তিনটি। আর আউট হয়েছেন তিনবার।
এসকেডি/আইএইচএস