প্রবাসী আনিকাসহ জাতীয় দলে ৩ নতুন মুখ
দীর্ঘ ৪৫ বছর পর এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৯৮০ সালে জাতীয় পুরুষ ফুটবল দল খেলেছিল এশিয়ান কাপ। এবার খেলবে জাতীয় নারী ফুটবল দল। কোচ পিটার বাটলারের নেতৃত্বে আজ (বৃহস্পতিবার) রাত ২ টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ।
সিডনিতে অনুশীলন ও স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ। ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। গ্রুপের অন্য দুই দল উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
অস্ট্রেলিয়াগামী জাতীয় দলের স্কোয়াডে বড় কোনো চমক নেই। যে ২৬ জন নিয়ে পিটার যাচ্ছেন রাতে সেখানে নতুন মুখ মাত্র ৩ জন। সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী ছাড়া নতুন অন্য দুইজন হচ্ছেন আলপি আক্তার ও সুরভী আক্তার আফরিন।
অস্ট্রেলিয়াগামী দল
গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার ও স্বর্ণা রানী মন্ডল।
রক্ষণভাগ: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, হালিমা খাতুন ও সুরভী আক্তার আফরিন।
মধ্যমাঠ: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার রিপা, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া ও উন্নতি খাতুন।
আক্রমণভাগ : তহুরা খাতুন, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি ও মোসাম্মাৎ সুলতানা।
আরআই/আইএন