আইপিএল খেলতে বাধা দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে মামলা লঙ্কান পেসারের
আইপিএলে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএসসি) বিরুদ্ধে কলম্বো জেলা আদালতে মামলা দায়ের করেছেন পেসার নুয়ান থুসারা।
থুসারার অভিযোগ, নতুন করে তৈরি কঠোর ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে এসএলসি তাকে আইপিএলে খেলার জন্য প্রয়োজনীয় নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয়নি। অথচ তার কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০২৬ সালের ৩১ মার্চ, এরপর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেছিলেন। তার দাবি, এই অবস্থায় এনওসি আটকে রাখা অযৌক্তিক এবং তার পেশাগত আয়ের পথে বাধা।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কথা থাকলেও, মামলার সময়সূচির কারণে তার এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।
এই মামলায় এসএলসির সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিশানায়েকে, কোষাধ্যক্ষ সাজিওয়া গুদালিয়াদা এবং সিইও অ্যাশলে ডি সিলভাকে বিবাদী করা হয়েছে। আগামী ৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নিয়ম অনুযায়ী বিদেশি লিগে খেলতে হলে নিজ দেশের বোর্ডের এনওসি বাধ্যতামূলক। তবে এই সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মানদণ্ড নির্ধারণ করা নেই, যা বোর্ডগুলোকে নিজস্ব নীতিমালা অনুসরণ করার স্বাধীনতা দেয়।
এই মামলার মাধ্যমে এখন প্রশ্ন উঠেছে—কোনো খেলোয়াড় যদি আর কেন্দ্রীয় চুক্তির অধীনে না থাকেন, তাহলে বোর্ড তার এনওসি আটকে রাখতে পারে কি না।
এমএমআর