বার্সেলোনা অধ্যায়ের ইতি টানলেন লেওয়ানডস্কি
একটা গুঞ্জন ছিল যে বার্সেলোনাকে বিদায় বলতে পারেন রবার্ট লেওয়ানডস্কি। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করলেন পোলিশ স্ট্রাইকার নিজেই। মৌসুম শেষে ইতি টানতে যাচ্ছেন তিনি বার্সেলোনার জার্সিতে তার ক্যারিয়ারের।
শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন লেওয়ানডস্কি নিজেই।
৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই স্ট্রাইকার ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দিয়ে হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯১ ম্যাচে মাঠে নেমে করেছেন ১১৯ গোল।
নিজের পারফরম্যান্স দিয়ে লেভা বার্সেলোনাকে জিততে ভূমিকা রেখেছেন তিনটি লা লিগা শিরোপা ও ২০২৫ সালের কোপা দেল রে ট্রফি।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই তারকা ফুটবলা লিখেন, ‘৪ বছরের সকল চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমের পর এটাই সময় এগিয়ে যাওয়ার। আমি এই অনুভূতি নিয়েই বিদায় নিচ্ছি যে আমার মিশন সম্পূর্ণ হয়েছে। চার মৌসুম, তিনটি চ্যাম্পিয়নশিপ।’
যখন তিনি বার্সেলোনায় যোগ দেন, তখন ক্লাবটি আর্থিক সংকটে ছিল এবং খারাপ সময় পার করছিল। লেওয়ানডস্কি দলটিকে আবার স্পেনের সেরা পর্যায়ে ফিরিয়ে আনতে এবং চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করেন। সেই পোস্টে তিনি আরও বলেন, ‘বার্সা আবার তার প্রাপ্য জায়গায় ফিরে এসেছে। প্রথম দিন থেকেই সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমি কখনও ভুলব না। কাতালোনিয়া আমার হৃদয়ের জায়গা হয়ে থাকবে।’
বার্সেলোনা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘প্রতিটি গোল, প্রতিটি লড়াই এবং এই জার্সিতে কাটানো প্রতিটি জাদুকরী মুহূর্তের জন্য ধন্যবাদ, রবার্ট লেওয়ানডস্কি। তিনি তারকা হিসেবে এসেছিলেন, কিংবদন্তি হয়ে বিদায় নিচ্ছেন।’
আগামী রোববার ক্যাম্প ন্যুতে রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার হয়ে নিজের শেষ ম্যাচটি খেলবেন লেওয়ানডস্কি। কোচ হান্সি ফ্লিক নিশ্চিত করেছেন যে তিনি ম্যাচটিতে শুরুর একাদশে থাকবেন। বায়ার্নেও ফ্লিক কোচ ছিলেন লেওয়ানডস্কির।
এই মৌসুমে লেওয়ানডস্কি ৪৪ ম্যাচে ১৮ গোল করেছেন। তবে তিনি এখনো নিজের পরবর্তী গন্তব্য নিশ্চিত করেননি। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়েছে।
আইএন