বৈশাখী বর্ষণে পণ্ড কক্সবাজারে ডিসির বলী খেলা
সমস্ত আয়োজন সম্পন্নের পরও বৈশাখী বর্ষণ পণ্ড করে দিয়েছে কক্সবাজারের ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলার ৬২ তম আসরের উদ্বোধন। পূর্ব সিদ্ধান্ত মতে ২১ ও ২২ এপ্রিল এবারের আসর হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার মাঝ রাত থেকে শুরু হওয়া বৈশাখী বর্ষণ থেমে থেমে শুক্রবার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। ফলে নির্ধারিত দিনে আর আলোর মুখ দেখেনি জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) আয়োজিত দু’দিন ব্যাপী বলী খেলা ও বৈশাখী মেলার আসর।
ডিএসএ সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু বলেন, সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিল বৃহস্পতিবার রাতেই। অতিথিদের জন্য ডেকোরেশন, নাগরদোলা, হস্ত-কুটির-তাঁত-বস্ত্র ও মৃৎ শিল্পের সরঞ্জাম নিয়ে সাজানো হয়েছিল পসরা। কিন্তু বৃহস্পতিবার মাঝ রাত ও শুক্রবার সকাল থেকে শুরু হয় বৈশাখী বর্ষণ। ফলে সব আয়োজন ভেস্তে যায়। এরপরও বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা ছিল। আবহাওয়া অনুকূলে আসলেই উদ্বোধনের জন্য তৈরি ছিলেন অতিথিগণও। এসেছিলেন দেশের নামকরা কুস্তিবিদরাও (বলী)। আবহাওয়ার বৈরিতা না কাটায় বাধ্য হয়ে দিনক্ষণ পাল্টানো হয়েছে। আগামী ২৭ ও ২৮ এপ্রিলই ১৪২৪ বঙ্গাব্দের আসর বসবে।
তিনি আরও বলেন, পূর্বের ঘোষণা মতোই এ-ক্যাটাগোরির চ্যাম্পিয়নকে ১৫ হাজার এবং রানার-আপকে ১০ হাজার, বি-ক্যাটাগোরীতে চ্যাম্পিয়ন ১০ ও রানার-আপ ৭ হাজার, সি-ক্যাটাগোরিতে চ্যাম্পিয়ন ৭ ও রানার-আপকে ৫ হাজার টাকা সম্মানী ও মেডেল দেয়া হবে। সবার জন্য উন্মুক্ত এ খেলা উপভোগ করতে গ্যালারিতে ৫০ ও চেয়ারে ১০০ টাকা টিকেট মূল্য রাখা হয়েছে।
উল্লেখ্য, ১৯৫৬ সালে এসডিও সাহেবের বলী খেলা হিসেবে এর যাত্র শুরু হয়। ১৯৮৪ সালের ১ মার্চ কক্সবাজার জেলায় উন্নীত হওয়ার পর এটি ডিসি সাহেবের বলী খেলা হিসেবে যুগ যুগ ধরে সমুদ্র নগরীর মানুষের বাঙালিয়ানার বিনোদনের অংশ হিসেবে চলে আসছে।
সায়ীদ আলমগীর/এনইউ/পিআর