টিকিট ছাড়াই শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ


প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৬ মে ২০১৫

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। স্কুল, কলেজ  ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টেস্ট ম্যাচটি বিনা টিকিটে দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিনা টিকিটে ম্যাচটি দেখতে স্কুল, কলেজের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পড়ে মাঠে আসতে হবে অথবা আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু আইডি কার্ড সঙ্গে নিয়ে আসলেই চলবে।

এদিকে জমে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান।

এর আগে, টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ওভারে বল করতেই হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন পেসার শাহাদাত হোসেন। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

বাংলাদেশ ও পাকিস্তান দলে একটি করে পরিবর্তন আছে। বাংলাদেশ দলে পেসার রুবেল হোসেনের পরিবর্তে খেলছেন শাহাদাত হোসেন রাজীব। পাকিস্তান দলে জুলফিকার বাবরের পরিবর্তে খেলছেন ইমরান খান।

এর আগে, খুলনা টেস্টে খাদের কিনারা থেকে ঘুরে ড্র করা স্বাগতিকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বিরল সুযোগের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।

এমআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।