আজহার-ইউনিসের শতকে দিন শেষে ৩২৩ রানে পাকিস্তান


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৬ মে ২০১৫

খুলনা টেস্ট ড্রয়ের পর একটু অস্বস্তিতে ছিল পাকিস্তান। এ অবস্থায় ঢাকা টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিলেন পাকি ব্যাটসম্যানরা। আজহার আলী ও ইউনিস খানের শতকে শক্ত অবস্থানে রয়েছে মিসবাহ-উল-হকের দল।

শুরুতে দুই উইকেট তুলে নিয়ে ভালো শুরু করলেও সারাদিনে আর একটি মাত্র উইকেট ফেলতে পেরেছে টাইগাররা। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩২৩ রান। আজহার আলী অপরাজিত আছেন ১২৭ রানে। ২৫৮ বলে ১৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। দলীয় ৩০৮ রানে ইউনুস খানের ১৪৮ রানের ইনিংস থেমে গেলে মাঠে আসেন মিসবাহ-উল-হক। তিনি অপরাজিত আছেন ৯ রান নিয়ে।

৫৮ রানে দুই উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল সফরকারী পাকিস্তান। সেখান থেকে ওয়ানডে অধিনায়ক আজহার আলীকে নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে অসাধারণ এক শতক তুলে নেন পাক তারকা ক্রিকেটার ইউনিস খান। ক্যারিয়ারের ২৯তম শতক করে কিংবদন্তী ডন ব্রাডম্যানের পাশে নাম লিখান তিনি। টেস্টে সমান ২৯টি শতক নিয়ে ব্রাডম্যান ও ইউনিস খান একই সমান্তরালে রয়েছেন।

লাঞ্চবিরতির আগেই সাজঘরে ফিরে যান পাকিস্তানের দুই টপ অর্ডারের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও সামি আসলাম। পেসার মোহাম্মদ শহীদ চতুর্থ ওভারে মোহাম্মদ হাফিজকে সাজঘরে ফেরান। ২৩তম ওভারে স্পিনার তাইজুল ইসলামকে তুলে মারতে গিয়ে আউট হন সামি আসলাম।

দলের ৫৮ রানে দুই টপ অর্ডারের ব্যাটসম্যানকে হারিয়ে শংকায় পড়েছিল সফরকারীরা। তবে তৃতীয় উইকেট জুটিতে ইউনুস-আজহার প্রাথমিক বিপদ সামাল দিয়েছেন।

উল্লেখ্য, খুলনা টেস্টে খাদের কিনারা থেকে ঘুরে ড্র করা স্বাগতিকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বিরল সুযোগের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশের কাছে কখনও টেস্টে হারেনি তিন নম্বরে থাকা পাকিস্তান। এবার হারলে সিরিজ খোয়ানোর সঙ্গে র্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে মিসবাহ-উল-হকের দলের।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন রাজীব।

পাকিস্তান দল : মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলি, ইউনিস খান, সরফরাজ আহমেদ, আসাদ শফিক, ইয়াসির শাহ, ইমরান খান, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান।

# ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান 

এমআর/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।