পাক-জিম্বাবুয়ে সফরে আম্পায়ার পাঠাবে না আইসিসি
নিরাপত্তা জনিত সমস্যা কাটিয়ে পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে নিরাপত্তা নিয়ে একেবারেই নিশ্চিত হতে পারছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ফলে পাক-জিম্বাবোয়ে সফরে পাকিস্তানে কোনো ম্যাচ আম্পায়ার না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে রিপোর্ট পাওয়ার পরেই আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে রোববার আইসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
তবে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের না-পাঠালেও ম্যাচটিকে আইসিসি অফিসিয়াল ক্রিকেট বলেই অনুমোদন দিয়েছে সংস্থাটি।
পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও দু’টি টি২০ খেলবে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচ ২২ মে। মঙ্গলবারই জিম্বাবুয়ে দল পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। এখন দেখার বিষয় প্রায় ৬ বছর পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক ক্রিকেট আসরে কে জয় পায়?
এসকেডি/আরএস/আরআইপি