সাকিবদের টিকে থাকাটা পৌরুষ ফলানোর ব্যাপার নয়: শাহরুখ


প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৭ মে ২০১৫

আইপিএল আটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে প্লে অফ অনিশ্চিত হওয়া কলকাতা নাইটরাইডার্সের স্বত্বাধিকারী শাহরুখ খান বলেছেন, এটি ‘টিকে থাকতেই হবে’ এরকম কোনো পৌরুষের জেদের ব্যাপার নয় কেকেআরের জন্য। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি রাজস্থান রয়্যালসকে জেতার জন্য শুভেচ্ছাও জানান।

সঙ্গে শাহরুখ এও জানিয়ে দিয়েছেন, বৃষ্টি কিংবা অঙ্কের হিসেবে টুর্নামেন্টে টিকে থাকাটা মোটেও পছন্দ নয় তার।

ভারতীয় গণমাধ্যমকে শাহরুখ খান বলেন, ‘২০০ রানের টার্গেটে কলকাতার জবাবটা বেশ ভালোই ছিল। জমজমাট লড়াই করেছে রাসেল-ইউসুফরা। তবে রাজস্থান রয়েলসের অসাধারণ পারফরম্যান্সই আমাদের হারিয়ে দিয়েছে। তারাই যোগ্য বিজয়ী। কলকাতার হয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী বার আমরা আরো কঠোর পরিশ্রম করে সাফল্য বয়ে আনব। গর্বিত করব সবাইকে। বৃষ্টি কিংবা অঙ্কের হিসেবে টুর্নামেন্টে টিকে থাকাটা সাকিব-গম্ভীরদের জন্য মোটেই পৌরুষ ধরে রাখার ব্যাপার নয়।’

এর আগে, মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শনিবার ডু-অর-ডাই ম্যাচে রাজস্থান রয়েলসের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচটিতে মাত্র ৯ রানে হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা।

এই হারের কারণে আইপিএলের প্লে-অফ খেলার ক্ষেত্রে জটিল সমীকরণের সামনে এখন কলকাতা। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে তারা। তাই পরবর্তী রাউন্ডে যেতে সাকিবের দলকে তাকিয়ে থাকতে হচ্ছে অন্যের দিকে। বিশেষ করে বৃষ্টির দিকে। রাতে হায়দরাবাদ-মুম্বাই ম্যাচে বৃষ্টি বাগড়া বসালে প্লে-অফ খেলার টিকিট পেয়ে যাবে কলকাতা। কেননা কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাই- তিন দলেরই পয়েন্ট (১৫) সমান, কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় সুবিধা পাবে সাকিবের দল।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।